Ajker Patrika

৭ বছর পর ডাকসুর জিএস হলেন রাশেদ খাঁন

ঢাবি প্রতিনিধি
৭ বছর পর ডাকসুর জিএস হলেন রাশেদ খাঁন
সিন্ডিকেটের সিদ্ধান্তে ডাকসুর জিএস ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে তাৎক্ষণিক শুভেচ্ছা বিনিময় করেন রাশেদ খাঁন। ছবি: আজকের পত্রিকা

২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রায় সাড়ে সাত বছর পর সাধারণ সম্পাদক (জিএস) পদে পরিবর্তন এসেছে। ওই নির্বাচনে বিজয়ী ঘোষণা করা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে বিজয়ী ঘোষণা করা হয়েছিল তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে। তবে পরবর্তী সময়ে তাঁর এমফিলের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন ওঠে। বিশ্ববিদ্যালয়ের তদন্তে তাঁর ছাত্রত্ব অবৈধ প্রমাণিত হওয়ার পর ২০২৫ সালের ২৬ নভেম্বর একাডেমিক কাউন্সিল তাঁর এমফিলের ছাত্রত্ব বাতিল করে। একই সঙ্গে ডাকসুর জিএস পদে তাঁর অবস্থানও অবৈধ ঘোষণা করা হয়।

এর ধারাবাহিকতায় সিন্ডিকেটের আজকের সভায় ২০১৯ সালের নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রাশেদ খাঁনকে ওই পদে নির্বাচিত ঘোষণা করা হয়।

জিএস পদে রাশেদ খাঁনের ভোট

২০১৯ সালের ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জিএস পদে গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদ খাঁন পেয়েছিলেন ৬ হাজার ৬৩ ভোট।

রাশেদ খাঁনের ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট
রাশেদ খাঁনের ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

জিএস ঘোষণা হওয়ার পর উপাচার্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

সিন্ডিকেটের সিদ্ধান্তে ডাকসুর জিএস হিসেবে ঘোষণা হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে তাৎক্ষণিক শুভেচ্ছা বিনিময় করেছেন রাশেদ খাঁন। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দুই উপ-উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

রাশেদ খাঁনের প্রতিক্রিয়া

ডাকসুর জিএস হিসেবে ঘোষিত হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন রাশেদ খাঁন। সেখানে তিনি পরপর তিনবার ‘আলহামদুলিল্লাহ’ লিখে এ সিদ্ধান্তের কথা জানান।

রাশেদ খাঁন বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত