আমন ধানে পোকার হানায় দিশেহারা কৃষক, কৃষি কর্মকর্তারা ব্যস্ত কার্ডের জরিপে

রংপুরের পীরগাছায় আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ ছড়িয়ে পড়েছে। বারবার কীটনাশক প্রয়োগ করেও পোকা দমন করতে পারছেন না কৃষকেরা। এতে পাকা ও আধাপাকা ধান নিয়ে দেখা দিয়েছে ফলন বিপর্যয়ের আশঙ্কা। এমন পরিস্থিতিতে কৃষি বিভাগের কর্মকর্তাদের মাঠে না পাওয়ার অভিযোগ করেছেন কৃষকেরা। তাঁদের দাবি, কৃষি কর্মকর্তারা এখন কৃষি কার্ডের জরিপ নিয়ে ব্যস্ত থাকায় ফসলের সংকটে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা পাচ্ছেন না তাঁরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আগাম জাতের আমন ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। অধিকাংশ জমিতে পাকা ও আধাপাকা ধান রয়েছে। এরই মধ্যে বিভিন্ন খেতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। আক্রান্ত খেতে একাধিকবার কীটনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না কৃষকেরা।
উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাপ জয়সেন এলাকায় ধানখেতে কারেন্ট পোকা দমনে কীটনাশক স্প্রে করছিলেন কৃষাণী সুফিয়া। তিনি বলেন, এ পর্যন্ত পাঁচবার ওষুধ স্প্রে করেছি। তারপরও পোকা দমন হচ্ছে না। কৃষি বিভাগ থেকে কোনো পরামর্শ পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো কর্মকর্তা আমার ধানখেত দেখতে আসেননি, প্রয়োজনীয় পরামর্শও দেননি।’
একই এলাকার কৃষক আবুল খায়েরের ধানখেতের বড় একটি অংশ পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে বাড়িতে না পেয়ে কথা হয় তাঁর স্ত্রী মিনারা বেগমের সঙ্গে। তিনি জানান, তাঁদের প্রায় আট দোন জমিতে আমন ধানের আবাদ রয়েছে। বারবার কীটনাশক প্রয়োগ করেও পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করা যাচ্ছে না। তাঁরাও কৃষি অফিসের কর্মকর্তাদের থেকে কোনো পরামর্শ বা সহযোগিতা পাননি।
অন্নদানগর ইউনিয়নের পাশাপাশি সদর ইউনিয়নের ভরডোব, চকচকার দোলা, কুমারপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানে কারেন্ট পোকার আক্রমণের খবর পাওয়া গেছে। কৃষকদের অভিযোগ, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়মিত মাঠে পাওয়া যাচ্ছে না। তাঁরা কৃষি কার্ডের জরিপের কাজে ব্যস্ত। সব কর্মকর্তা দলবদ্ধভাবে বিভিন্ন ওয়ার্ডে জরিপ চালাচ্ছেন। ফলে ফসলের এমন সংকটময় সময়ে তাঁদের কাছে পাওয়া কঠিন হয়ে পড়েছে।
কৃষকেরা জানান, আমন ধান চাষে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে তাঁদের বাড়তি অর্থ ব্যয় হয়েছে। সার ও পটাশের সংকট এবং বাড়তি দাম উপেক্ষা করে অনেক কষ্টে তাঁরা আবাদ করেছেন। এখন ধান ঘরে তোলার আগে পোকার আক্রমণে তাঁদের সব বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে। বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও সুফল না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।
কৃষকদের আশঙ্কা, দ্রুত পোকার আক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে আমন ধানের ফলন উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এতে উৎপাদন খরচ তোলাও কঠিন হবে। তাই আক্রান্ত খেত সরেজমিনে পরিদর্শন, পোকার ধরন শনাক্ত এবং কার্যকর দমনপদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দিতে কৃষি বিভাগের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, ‘আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি এবং লিফলেট বিতরণ করেছি। প্রয়োজনীয় ডকুমেন্টসও দেখিয়ে দিয়েছি। ধরুন, ওষুধ স্প্রে করতে হবে ধানের গোড়ায়, কিন্তু কৃষক যদি তা ধানের মাথায় প্রয়োগ করেন, তাহলে সুফল পাবেন কীভাবে? আমি অন্নদানগর ইউনিয়নের অনেক এলাকায় কৃষকদের বাড়ি থেকে ডেকে এনে পরামর্শ দিয়েছি। এখন কোনো কৃষক যদি বলেন, কৃষি অফিস থেকে সেবা পাচ্ছেন না, তাহলে তো তাঁর মুখ আটকাতে পারব না।’









