Ajker Patrika

রংপুরে বাড়ির ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, অন্তঃসত্ত্বা মা আহত

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৫: ৪৮
রংপুরে বাড়ির ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, অন্তঃসত্ত্বা মা আহত
আজ শুক্রবার ভোর ৪টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। ছবি: আজকের পত্রিকা

রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ডাম্প ট্রাক বাড়ির ওপর উল্টে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় ট্রাকের নিচে চাপা পড়ে মোছা. সিনথিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার অন্তঃসত্ত্বা মা আশা বেগম গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৪টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাসবাগ এলাকা থেকে বালুবোঝাই ডাম্প ট্রাকটি সাতমাথার দিকে যাচ্ছিল। পথে পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি সড়কের পাশের একটি বাড়ির ওপর উল্টে পড়ে। এতে বাড়িটির একাংশ ভেঙে যায়। ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা সিনথিয়া ও তার মা ট্রাকের নিচে চাপা পড়েন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সিনথিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সিনথিয়া স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে ওই এলাকার পিন্টু মিয়ার সন্তান।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। ডাম্প ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত