Ajker Patrika

পর্যটনের ভরা মৌসুমে ৩৮ দিন ধরে বন্ধ সাজেক, কোটি টাকা দৈনিক ক্ষতি

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৮: ৪২
পর্যটনের ভরা মৌসুমে ৩৮ দিন ধরে বন্ধ সাজেক, কোটি টাকা দৈনিক ক্ষতি
ফাইল ছবি

পার্বত্য চট্টগ্রামে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকেন্দ্রিক অস্থিরতায় ৩৮ দিন ধরে বন্ধ রয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র। এ কারণে বন্ধ আছে প্রায় ১৫০টি হোটেল, মোটেল ও রিসোর্ট। সংশ্লিষ্টদের দাবি, এতে প্রতিদিন প্রায় এক কোটি টাকা ক্ষতি হচ্ছে এবং ১০ হাজার মানুষ বেকার হয়ে পড়েছেন।

খাগড়াছড়ি-সাজেক সড়কে চলাচলকারী শতাধিক যানবাহনও বন্ধ রয়েছে। ফলে চালক ও সহকারীরাও বেকার হয়ে পড়েছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সাজেক ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু গ্রুপ) সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) অস্থিরতার কারণে পর্যটনকেন্দ্রটি বন্ধ রয়েছে।

ইউপিডিএফ-প্রসীত গ্রুপ কথিত সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’র নামে চতুর্থ দফায় ৩৮ দিনের অবরোধ পালন করছে বলে স্থানীয়দের দাবি। ১০ নভেম্বর সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় কারবারি অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলেও অন্য পক্ষ অবরোধ থেকে সরে না আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

স্থানীয়রা জানান, গত দেড় মাসে সাজেকে দফায় দফায় জেএসএস-সন্তু গ্রুপ ও ইউপিডিএফ-প্রসীত গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। গত এক বছরে পার্বত্য চট্টগ্রামে দুই পক্ষের মধ্যে ৯৬টি বন্দুকযুদ্ধের ঘটনায় সশস্ত্র গ্রুপের ৫২ জন নিহত হয়েছেন। এ সময় ১০৩ জন অপহরণের শিকার হয়েছেন।

সরকারি হিসাবে, এ সময় ১৮৩টি চাঁদাবাজির ঘটনা ঘটেছে। বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও বেশি বলে দাবি করা হয়েছে।

১ নভেম্বর বেলা সোয়া ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং-সংলগ্ন লাঙ্গলমারা ও দক্ষিণ ভাইবোনছড়ার সংরক্ষিত বন এলাকায় থেমে থেমে বন্দুকযুদ্ধ চলে। এর আগে গত ৩১ অক্টোবর দুপুরে সাজেকের কলাবুনিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়।

৮ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গৃহবধূ অরুণা চাকমাকে (৩০) তাঁর নিজ বাড়িতে ঢুকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর পুরো এলাকায় অস্থিরতা ছড়িয়ে পড়ে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর সকালে মাচালং এলাকার মন্দিরছড়া পাড়ায় দুই পক্ষের গোলাগুলির ঘটনায় মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সঞ্জিতা ত্রিপুরা (৯) গুলিবিদ্ধ হয়। সঞ্জিতা অলেন্দ্র ত্রিপুরার মেয়ে। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তারও আগে গত ৯ মে ভোরে একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের প্রসীত গ্রুপের কালেক্টর কেগেরা চাকমা ওরফে লেত্তবাপ নিহত হন।

রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বারের সভাপতি মো. মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, পার্বত্য চুক্তির আগে পার্বত্য চট্টগ্রামে একটি গ্রুপ চাঁদাবাজি করত। এখন রাঙামাটিতে চারটি গ্রুপ এবং বান্দরবানে কেএনএফসহ পাহাড়ে পাঁচটি গ্রুপ চাঁদাবাজি করছে।

খাগড়াছড়ি হোটেল রিসোর্ট মালিক সমিতির সাবেক সহসভাপতি ও অরণ্য বিলাস হোটেলের মালিক স্বপন কুমার দে বলেন, পাহাড়ে সশস্ত্র গ্রুপগুলোর চাঁদাবাজিতে পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। পর্যটনের ভরা মৌসুমে ৩৮ দিন ধরে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় প্রায় ১০ হাজার মানুষ বেকার হয়ে পড়েছেন।

রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রকিব বলেন, সাজেকে এক পক্ষ অবরোধ প্রত্যাহার করেছে, অন্য পক্ষের অবরোধ চলছে। তবে মানুষ ভয়ে গাড়ি বের করছেন না। পাহাড়ে চাঁদাবাজির কথা স্বীকার করে তিনি বলেন, অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেয়। অনেকেই চাঁদার বিষয়টি গোপন রাখতে চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত