সুবর্ণজয়ন্তীর আবহে রাজবন বিহারে কঠিন চীবর দান শুরু

পুণ্যার্থীদের পদচারণায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাঙামাটি শহরের ঐতিহ্যবাহী রাজবন বিহারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৫০তম কঠিন চীবর দান উৎসব। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় বয়নঘর উদ্বোধন ও চরকায় সুতা কাটার মধ্য দিয়ে এই মহোৎসবের পর্দা ওঠে।
চরকায় সুতা কাটার আগে পুণ্যার্থীরা পঞ্চশীল দীক্ষা নেন। রাজবন বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞা লংকার মহাথের পঞ্চশীল প্রদান করেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই দানোৎসবকে ঘিরে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে ভিক্ষুসংঘ ও হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে রাজবন বিহার প্রাঙ্গণে। উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বিহার প্রাঙ্গণ ঘিরে সৃষ্টি হয়েছে মিলনমেলা।
কঠিন চীবর দানের বিশেষত্ব হলো, নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা কেটে, চরকায় সুতা তৈরি করে এবং সেই সুতা দিয়ে কাপড় বুনে চীবর প্রস্তুত করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে তৈরি চীবর ভিক্ষুসংঘের উদ্দেশে দান করা হয়।
বৌদ্ধ শাস্ত্র অনুযায়ী, মহাপুণ্যময় এই দান প্রথম প্রবর্তন করেছিলেন বিশাখা (গৌতম বুদ্ধের সমসাময়িক একজন অত্যন্ত নিষ্ঠাবান বৌদ্ধ উপাসিকা এবং ভিক্ষু সংঘের প্রধান দাত্রী ও পৃষ্ঠপোষক)। পার্বত্য চট্টগ্রামে কঠিন চীবর দানের প্রচলন করেছিলেন সাধক পুরুষ সাধনানন্দ মহাস্থবির, যিনি বনভান্তে নামে পরিচিত।
আয়োজকেরা জানান, দুই দিনব্যাপী অনুষ্ঠানে বয়নঘর উদ্বোধন ও চীবর বুননের পাশাপাশি ধর্মীয় দেশনা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বুদ্ধপূজা এবং ভিক্ষুসংঘকে পিণ্ডদানসহ নানা ধর্মীয় কর্মসূচি পালিত হবে। বিহার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।









