মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ল

মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা দেড় মাসের বেশি বাড়ানো হয়েছে। আগামী ১৫ নভেম্বরের পরিবর্তে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নম্বরপ্লেট লাগানোর সুযোগ পাবেন মোটরসাইকেলের মালিকেরা। এ জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দেওয়া প্রস্তাব অনুমোদন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
বিষয়টি নিশ্চিত করে বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা বেশি হওয়ায় আগের নির্ধারিত সময়সীমা পর্যাপ্ত ছিল না। বিষয়টি বিবেচনায় নিয়ে ১৫ নভেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় প্রস্তাবটি অনুমোদন করেছে।
এর আগে বিআরটিএর এক গণবিজ্ঞপ্তিতে ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগিয়ে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছিল।
সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে আরএফআইডি প্রযুক্তিসংবলিত রেট্রো-রিফ্লেকটিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের নিয়ম রয়েছে। এর ধারাবাহিকতায় সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশনা দেওয়া হয়।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। দুই ধরনের প্লেটেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। সাদা পটভূমিতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। প্লেটে অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক কোনো উপাদান রাখা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলে নম্বরটি সোজা এক লাইনে বসানো যাবে।










