
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তির ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা সাত দিনের মধ্যে বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন মো. নাজিমউদ্দিন নাজিম মৃধা নামের একজন আইনজীবী। রাবির আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী এখন সুপ্রিম কোর্টের আইনজীবী।
গত শনিবার নাজিমউদ্দিন ডাকযোগে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, রাবির উপাচার্য, রেজিস্ট্রার এবং সিলেকশন বোর্ডের প্রধানের কাছে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। তবে আজ সোমবার দুপুর পর্যন্ত লিগ্যাল নোটিশ পাননি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।
আইনজীবী নাজিম মৃধা বলেন, আমি রেজিস্টার্ড ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। দ্রুতই পেয়ে যাবেন। নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে বৈষম্যমূলক, বেআইনি এবং সংবিধানপরিপন্থী পোষ্য কোটা বাতিল করতে হবে। যারা বিগত চারটি সেশনে পোষ্য কোটায় ভর্তি হয়ে অধ্যয়নরত, তাদের ভর্তি বাতিলে উদ্যোগ নিতে হবে এবং বিগত চার সেশনের পোষ্য কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের গ্রেস মার্ক দিয়ে তাদের তালিকা দিতে হবে।
নাজিম মৃধা আরও বলেন, এ ধরনের পোষ্য কোটার প্রচলন এবং একটি গোষ্ঠীকে এমন অন্যায্য অগ্রাধিকার দেওয়ার কোনো সুযোগ নেই। তিনটি দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ৭ দিনের মধ্যে না জানালে হাইকোর্টে বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানেরা পিছিয়ে পড়া গোষ্ঠী নয় বলে দাবি করেন আইনজীবী নাজিম মৃধা। তিনি বলেন, শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানেরা ভালো পরিবেশ ও ভালো স্কুল-কলেজে পড়ার সুযোগ ভোগ করেন। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের নিজেদের সন্তানদের অনৈতিক সুবিধা দিতে নিজেদের দ্বারা প্রচলিত পোষ্য কোটা চালুর ধারণাটি স্বার্থের সংঘাত নীতি এবং সংবিধান পরিপন্থী। বিধায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সুনাম রক্ষা ও মানোন্নয়নের স্বার্থে অবিলম্বে তা বাতিল করা উচিত। বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী এবং সচেতন নাগরিক হিসেবে বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষা এবং ভর্তিযুদ্ধে অবতীর্ণ সব শিক্ষার্থীর মৌলিক অধিকার রক্ষার স্বার্থে আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পোষ্য কোটা ৩ শতাংশ নির্ধারণ করে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবির অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই কোটা বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেধে দেন। তা না হলে অনশন কর্মসূচিতে বসবেন বলে ঘোষণা দেন তিনি। এ ছাড়া ফেসবুকে লাইভে এসে তিনি একই দাবি জানান। লাইভে তিনি পোষ্য কোটা রাখতেই হলে এর নাম পরিবর্তন করে তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার কোটা করার পরামর্শ দেন।
বক্তব্য দেওয়ার পর সমন্বয়কের ওপর ক্ষুব্ধ হন কর্মকর্তা-কর্মচারীদের চারটি সংগঠন। আজ শনিবার রাবি অফিসার সমিতি একটি জরুরি সভা করে। এতে রাবি সহায়ক কর্মচারী সমিতি, পরিবহন টেকনিক্যাল সমিতি ও সাধারণ কর্মচারী ইউনিয়নও যোগ দেয়। সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রোববার অফিসার সমিতি উপাচার্যের কাছে একটি চিঠি দিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
চিঠিতে বলা হয়, সালাউদ্দিন আম্মার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের সন্তানদের নিয়ে অশালীন, অশ্লীল ও কুৎসিত ভাষা প্রয়োগ করেন, যা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের সন্তানদের জন্য অত্যন্ত লজ্জার, মানহানিকর ও অসম্মানের। তাঁর বিরুদ্ধে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া না হলে অফিসার সমিতি, বিভিন্ন সমিতি ও ইউনিয়নের যৌথসভায় পরবর্তীতে কর্মসূচি গ্রহণ করবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, পোষ্য কোটা বাতিলে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে একটি কমিটি করা হয়েছে। কমিটি কাজ করছে। এর মধ্যেই সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে অভিযোগ এসেছে। এ বিষয়ে করণীয় কী সে বিষয়ে রেজিস্ট্রারের মতামত চাওয়া হয়েছে। কোটা বাতিলে কেউ কোনো লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন কি না তা জানি না। বিষয়টি শুনে কিছুক্ষণ আগেও খোঁজ নিলাম। নোটিশ পাইনি।

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী এখন হুমকির মুখে। নিষেধাজ্ঞা অমান্য করে অবাধ বালু উত্তোলন ও চর কেটে নেওয়ায় নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঝুঁকিতে পড়ছে শতাধিক বসতবাড়ি ও বিস্তীর্ণ কৃষিজমি। অভিযোগ রয়েছে, রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় বালু লুট চলছে।
৪ মিনিট আগে
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে টিএসসির পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর, সূর্যসেন হল, কলাভবন, মধুর ক্যান্টিন ও কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যে...
৩৯ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় অবস্থিত আহসান কম্পোজিট কারখানায় বার্ষিক ছুটির বকেয়া টাকার দাবিতে শ্রমিকেরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন। মঙ্গলবার সকালে তাঁরা বিক্ষোভ ও ভাঙচুর চালান। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’
২ ঘণ্টা আগে