Ajker Patrika

পটুয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, ছাত্রশক্তির আহ্বায়কসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৮: ১৯
পটুয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, ছাত্রশক্তির আহ্বায়কসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
আহত গোপাল হালদার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ফাইল ছবি

পটুয়াখালীতে সাংবাদিক গোপাল হালদার রাহুলের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মিরাজ ইমতিয়াজসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১৮ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সাংবাদিকের বড় ভাই সুমন চন্দ্র হালদার বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন আবু রাইয়ান শাকের (২৫), মারুফ হাসান (২৩), আসাদুল্লাহ হাসান মুসা (২২), তানজিল ইসলাম (২৬) ও রুশদা ইসলাম রিপা (১৭)।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৬ সালের ৬ আগস্ট কালের কণ্ঠের মাল্টিমিডিয়ায় মিরাজ ইমতিয়াজের বিরুদ্ধে জুলাইযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হওয়ার ক্ষেত্রে ভুয়া নথি ব্যবহারের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন গোপাল হালদার। পরে গেজেট থেকে নিজের নাম বাদ দিতে মিরাজ জেলা প্রশাসকের কাছে আবেদন করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ওই প্রতিবেদন প্রকাশের পর থেকে মিরাজ সাংবাদিক গোপালের ওপর ক্ষুব্ধ ছিলেন। বিভিন্ন সময় তাঁকে হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন গোপাল।

এজাহারে আরও বলা হয়, বিদেশি একটি প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে জাতীয় ছাত্রশক্তির এক নারী নেত্রীর চেহারার সঙ্গে সাদৃশ্যপূর্ণ কয়েকটি ভিডিও প্রকাশের বিষয়টি সামনে আসার পর বিরোধ আরও বাড়ে। ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ এবং আগের সংবাদ প্রকাশের জের ধরে আসামিরা পরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে গোপালকে ঘিরে ধরেন। পরে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়।

এ সময় মিরাজের হাতে থাকা নানচাকু দিয়ে গোপালের মাথায় আঘাতের চেষ্টা করা হলে তিনি সরে যান। এতে তাঁর বাঁ পায়ের পাতায় আঘাত লাগে এবং হাড় ভেঙে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী সুমন চন্দ্র হালদার বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হামলা করে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি দাবি করছি।’

এদিকে, হামলার পরদিন ওই সাংবাদিকের বিরুদ্ধেই সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন সংগঠনটির জেলা যুগ্ম সদস্যসচিব রুশদা ইসলাম রিপা।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, উভয় পক্ষ থানায় মামলা করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী শহরের বড় চৌরাস্তায় ফুটওভারব্রিজের নিচে পশ্চিম পাশে বিসমিল্লাহ স্টোরের সামনে হামলার শিকার হন সাংবাদিক গোপাল হালদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত