
পাবনার কাজিরহাট-আরিচা নৌরুটে বন্ধ থাকার চার মাস পর চালু হলো স্পিডবোট সার্ভিস। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাজীরহাট ঘাটে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সীমিত পরিসরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিআইডব্লিউটিএয়ের পরিচালক (পোর্ট) এ কে এম আরিফ উদ্দিন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আরিচা বন্দর পোর্ট অফিসার মামুনর রশিদ ও নগরবাড়ী নদী বন্দর পোর্ট অফিসার আব্দুল ওয়াকিল, আরিচা ঘাটের স্পিডবোট মালিক ভজন দাস, নাসির উদ্দিন, কাজীরহাট ঘাটের স্পিডবোট মালিক রইচ উদ্দিন, ফেরদৌস কবির, সমেজ হোসেন। এ ছাড়া দুই পাড়ের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা।
বিআইডব্লিউটিএ পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাংবাদিকদের বলেন, ৫ আগস্টের বিপ্লবের পর এই নৌরুটের দুই পাড়ের বোট মালিকেরা লাপাত্তা হয়ে যান। তাঁদের অনুপস্থিতির কারণে টানা চার মাস স্পিডবোট চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন দুই পাড়ের সাধারণ যাত্রীরা। যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিআইডব্লিউটিএ উদ্যোগ নিয়েছে। লাপাত্তা হয়ে যাওয়া স্পিডবোট মালিকদের রুট পারমিট বাতিল করা হয়। নতুন করে স্পিডবোট মালিকদের কাছ থেকে রুট পারমিটের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহীদের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে প্রথম অবস্থায় কাজীরহাট ঘাটের ৪৩টি ও আরিচা ঘাটের ১১টি স্পিডবোট চলাচলের অনুমতি দেওয়া হয়। আরও ৫০টি স্পিডবোটের রুট পারমিটের আবেদন রয়েছে।
এক সপ্তাহের মধ্যে দাপ্তরিক ও আইনি বাধা দূর করে বাকি স্পিডবোট চলাচলের অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানান আরিফ উদ্দিন। তিনি বলেন, তখন পুরোদমে চলাচল শুরু হবে। অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহনসহ বিভিন্ন বিধিবিধান মেনে স্পিডবোট পরিচালনা করার জন্য মালিক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান পরিচালক আরিফ উদ্দিন।
যাত্রী ও ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ২০১৬ সালে এই নৌরুটে লঞ্চ ও ফেরির পাশাপাশি স্পিডবোট চলাচল শুরু হয়। কাজিরহাট থেকে আরিচা নৌরুটের দূরত্ব ১৩ কিলোমিটার। এই রুটে ৪টি ফেরি ও ৯টি লঞ্চ চলাচল করে। তবে সময় কম লাগায় রাজধানীতে যাতায়াতের জন্য স্পিডবোটই জনপ্রিয় হয়ে ওঠে এই রুটের যাত্রীদের কাছে। প্রতিদিন প্রায় এক হাজার মানুষ এই রুটে স্পিডবোটে চলাচল করে। ঈদের সময় প্রতিদিন কমপক্ষে ১০ হাজার যাত্রী এই রুটে স্পিডবোটে পারাপার হয়। বিগত সরকারের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাঁদের লোকজনের মাধ্যমে স্পিডবোটগুলো পরিচালনা করতেন। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগ নেতারা ও তাঁদের লোকজন। ফলে সেই দিন থেকে বন্ধ হয়ে যায় স্পিডবোট চলাচল।
এমন পরিস্থিতিতে লঞ্চ ও ফেরিতে চলাচল করছিলেন যাত্রীরা। তবে সময় বেশি লাগায় অস্বস্তিতে পড়েছিলেন তাঁরা। যাত্রীরা দাবি জানিয়েছিলেন দ্রুত স্পিডবোট চালু করার।
কাজিরহাট থেকে আরিচা অভিমুখে যাওয়া যাত্রী আনোয়ার পাশা বলেন, ‘ঢাকায় চাকরি করি। মাসে এক-দুবার বাড়িতে আসতে হয়, নদীতে স্পিডবোটেই যাতায়াত করি। এ কারণ সময় কম লাগে। প্রায় চার মাস স্পিডবোট বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছিলাম। আজকে লঞ্চে পার হওয়ার জন্য এসে জানতে পারি স্পিডবোট চালু হচ্ছে। শুনে খুশি লাগছে অল্প সময়ে ঢাকা-পাবনা যাতায়াত করতে পারব।’
আরেক যাত্রী আল আমিন জানান, কাজিরহাট-আরিচা নৌরুটে দূরত্ব কম। দ্রুত ঢাকায় যাওয়া-আসা যায়। আর স্পিডবোটে ২০-২৫ মিনিট সময় লাগে। অথচ ফেরি বা লঞ্চে সময় লাগে দেড় ঘণ্টা। এই দুর্ভোগ লাঘবে স্পিডবোট সুবিধা হয়।’
কাজিরহাট ঘাটের স্পিডবোট ব্যবসায়ী ফেরদৌস হোসেন ও আব্দুল বাতেন বলেন, বিগত সরকারের সময় ১৫ বছর আওয়ামী লীগ নেতারা অবৈধভাবে স্পিডবোট ঘাট পরিচালনা করেছেন। যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নিয়েছেন। এই রুটে যেখানে ২০ থেকে ২৫টি স্পিডবোট চালানো যথেষ্ট। সেখানে তাঁরা ৮০টি স্পিডবোট চালাতেন। বড় একটা স্পিডবোটে ১৬ জন ধারণক্ষমতা, সেখানে ঝুঁকিপূর্ণ হলেও তাঁরা বেশি টাকার আশায় ২১ জন নিতেন। আমরা নিয়মতান্ত্রিকভাবে জনবান্ধব স্পিডবোট চালু করে যাত্রীদের ভালো সার্ভিস দিতে চাই।
বিআইডাব্লিউটিএয়ের নগরবাড়ী-কাজিরহাট-নরাদহ নদীবন্দরের পোর্ট অফিসার মো. আব্দুল ওয়াকিল বলেন, আমরা স্পিডবোট মালিক সমিতির সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। কিন্তু তাঁরা লাপাত্তা হওয়ায় চালু করা যায়নি। অবশেষে অফিশিয়াল সিস্টেম সম্পন্ন করে নতুনভাবে অনুমোদন সাপেক্ষে স্পিডবোট সার্ভিস চালু করা হলো। আগের সময়ের সব স্পিডবোটের রুট পারমিট বাতিল করা হয়েছে।

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় ১০ কোটি টাকা ব্যয়ে সুপেয় পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছিল। সেই কাজ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম দিয়ে বাগিয়ে নেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটসম্যান শাহিন আলম। এখন সেই প্রতিষ্ঠান লাপাত্তা।
২ ঘণ্টা আগে
পরীক্ষার কক্ষে সবাই বেঞ্চে বসে লিখে যাচ্ছেন খাতায়। তাঁদের পাশে বসে লিখছেন আরেক শিক্ষার্থী কলি রানী। তাঁকে দেওয়া হয়েছে ছোট বেঞ্চ। আর সেখানে বসেই মনোযোগসহকারে পা দিয়ে উত্তর লিখে যাচ্ছেন তিনি।
৩ ঘণ্টা আগে
মৌলভীবাজারে তীব্র ওষুধসংকট, জনবল ঘাটতি, দায়িত্বে অবহেলাসহ নানা সমস্যায় জর্জরিত কমিউনিটি ক্লিনিকগুলো। ফলে জেলার প্রত্যন্ত এলাকার প্রায় ১১ লাখ মানুষ এসব ক্লিনিক থেকে প্রয়োজনীয় ওষুধসহ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। বিশেষ করে গ্রামাঞ্চলের বয়স্ক, গর্ভবতী নারী ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী।
৩ ঘণ্টা আগে
আড়াই বছর ধরে থমকে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্প। গত ১১ মাস বেতন পাচ্ছেন না প্রকল্পটির ৭৭ কর্মকর্তা-কর্মচারী। অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ প্রকল্পটির সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে টাকা থাকা সত্ত্বেও সারা দেশে এর কার্যক্রম বন্ধ রয়েছে।
৩ ঘণ্টা আগে