দিনমজুরের ঘরে ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুৎ বলছে ‘দিতেই হবে’

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের বাড়িতে তিন মাসে বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। তবে তাঁর দাবি, বাড়িতে একটি বাতি ও একটি ফ্যান ব্যবহার করেন। পাশাপাশি চার্জ দেন ছোট একটি মিশুক গাড়ি। সীমিত এই বিদ্যুৎ ব্যবহারের পরও অস্বাভাবিক বিল আসায় বিপাকে পড়েছে তাঁর ছয় সদস্যের পরিবার। এ বিষয়ে অভিযোগ জানাতে বিদ্যুৎ অফিসে গেলে পুরো টাকা পরিশোধ করতে বলা হয়েছে বলে অভিযোগ তাঁর।
ভুক্তভোগী মো. ইউনূস আলী ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের বাসিন্দা। তিনি দিনমজুরের কাজ করে সংসার চালান। তাঁর সম্বল বলতে আড়াই শতক ভিটেমাটি। সেখানে পরিবারের ছয় সদস্য নিয়ে বসবাস করেন।
বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিটের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবরে ৪২৯ ইউনিটের জন্য ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বরে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল করা হয়েছে ১৭ হাজার ৮৪৩ টাকা। তিন মাসে মোট এক হাজার ৩৯৮ ইউনিটের বিপরীতে বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা।
ইউনূস আলীর দাবি, বাড়িতে একটি বাতি ও একটি ফ্যান ব্যবহারের পাশাপাশি ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেন তিনি। এরপরও প্রতি মাসে শত শত ইউনিট বিদ্যুৎ খরচ দেখানো হচ্ছে। অস্বাভাবিক বিলের বিষয়ে একাধিকবার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের বিলিং শাখা ও এজিএমের কাছে অভিযোগ করেও সমাধান পাননি। উল্টো দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ তাঁর।
ইউনূস বলেন, ‘এত টাকা বিল দেখে আমি কয়েকবার বিদ্যুৎ অফিসে গেছি। কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। কিন্তু কোনো সমাধান পাইনি। এখন এত টাকা বিল কীভাবে দেব, বুঝতে পারছি না।’
এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, ‘কোনো গ্রাহকের সমস্যা থাকলে অফিসে এসে অভিযোগ করতে হবে। সাংবাদিকদের কাছে যাওয়ার প্রয়োজন কী? আমরা প্রতি মাসে ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করি। কোনো মিটারে সমস্যা থাকলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিলের বিষয়ে জোনাল ম্যানেজার বলেন, ‘প্রকৃতপক্ষে তাঁর বিল যদি ৫০ হাজার টাকা এসে থাকে, তাহলে তাঁকে ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।’









