প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল

পাবনার সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে ৭৭টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনে অভিযান চালিয়ে এসব বস্তু উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে ককটেল ও বোমা তৈরির পাশাপাশি সেগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সরবরাহ করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে নজরদারি চালাচ্ছিল এসআরবি। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে সেখানে অভিযান চালানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সালে বিদ্যালয়ের পাশে নতুন ভবন নির্মাণের পর পুরোনো ভবনটি কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে ভবনটি অব্যবহৃত থাকার সুযোগে অজ্ঞাতনামা ব্যক্তিরা সেখানে লোকচক্ষুর আড়ালে বিস্ফোরক মজুত কিংবা তৈরির কাজ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসআরবি-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার জানান, অভিযান চালিয়ে লাল টেপে মোড়ানো বিভিন্ন আকারের মোট ৭৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ককটেল তৈরির সরঞ্জামও পাওয়া গেছে। রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের জন্য আলামত ঢাকায় পাঠানো হবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় কারা জড়িত, কী উদ্দেশ্যে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে এসব বিস্ফোরক মজুত করা হয়েছিল এবং এর পেছনে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।









