‘মাদকের টাকায় হাত না দিতে ওসিদের শপথ করিয়েছি’

রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী বলেছেন, মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না। রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিদের নিয়ে এসে এ বিষয়ে ওয়াদা করিয়েছি। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদকের রুট পুরোপুরি নির্মূল করতে চাই।
আজ বুধবার বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর আশরাফ আলী এসব কথা বলেন।
মীর আশরাফ আলী বলেন, পুলিশের সক্ষমতা বিন্দুমাত্র কমবে না। পুলিশকে কখনোই আলাদা করে দেখার সুযোগ নেই। পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দিক দিয়ে পাবনা অনেক ভালো আছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পুলিশ কাজ করছে।
ডিআইজি বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। আপনারা ভালো কাজগুলো তুলে ধরবেন। সাংবাদিকেরা জেগে থাকলে পুরো দেশ জেগে থাকে। পুলিশের নেতিবাচক কাজের পাশাপাশি ভালো কাজগুলোও তুলে ধরবেন।
বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করে ডিআইজি মীর আশরাফ আলী বলেন, প্রতিটি বাড়িতে এমনভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, যাতে বাসা থেকে শুরু করে রাস্তার দৃশ্যও দেখা যায়। এতে অপরাধ শনাক্ত ও মামলা তদন্ত সহজ হবে। যেসব মামলা তদন্ত করে রহস্য উদ্ঘাটন করা হয়েছে, তার বেশির ভাগই সিসি ক্যামেরার ফুটেজের সহায়তায় সম্ভব হয়েছে।
এ সময় পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইবনে রহমান, প্রণব কুমার, সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, আরজুমা আকতার, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সম্পাদক শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।









