বেড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ ও ভাঙচুর, ৪ দিন পর মামলা

পাবনার বেড়া মডেল থানা ঘেরাও, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার চার দিন পর মামলা করেছে পুলিশ। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজ মঙ্গলবার রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি গোলাম মোস্তফা জানান, থানার উপপরিদর্শক ইমদাদ আলী বাদী হয়ে গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মামলাটি করেন। আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থক বলে দাবি করেন তিনি।
মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দলবদ্ধ হয়ে থানা ঘেরাও, বিক্ষোভ, ভাঙচুর, বিশৃঙ্খলা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে বলে জানান ওসি।
মামলার পর রাতেই অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সাইফুল উপজেলার সম্ভুপুর এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি বেড়া মডেল থানার সামনে গিয়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেয়। এ সময় থানার একটি গেট ভাঙচুর করা হয়। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং সংঘর্ষ হয়।
এর কিছুক্ষণ পর বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার জের ধরে পরবর্তী তিন দিন বেড়া পৌর সদরের বিভিন্ন এলাকায় বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষের ঘটনায় কেউ থানায় অভিযোগ দেননি বলে জানান ওসি গোলাম মোস্তফা।









