Ajker Patrika

বাজারে এলোপাতারি গুলি: আহতদের আর্থিক সহায়তার প্রস্তাব দিয়ে সন্ত্রাসী রায়হানের পোস্ট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৫: ১৪
বাজারে এলোপাতারি গুলি: আহতদের আর্থিক সহায়তার প্রস্তাব দিয়ে সন্ত্রাসী রায়হানের পোস্ট
অভিযুক্ত মোহাম্মদ রায়হান আলমের দেওয়া ফেসবুক পোস্ট। ছবি: ফেসবুক থেকে স্ক্রিনশন নেওয়া

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি ছুড়ে ছয়জনকে আহত করার ঘটনার পর আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ মোহাম্মদ রায়হান আলমকে ধরতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাঁকে বা তাঁর সহযোগীদের আটক করা সম্ভব হয়নি। এর মধ্যেই মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন রায়হান। স্ট্যাটাসে গুলিতে আহত ব্যক্তিদের মধ্যে অসহায় কেউ থাকলে তাঁদের আর্থিক সহায়তার প্রস্তাবও দিয়েছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে রায়হান লিখেছেন, ‘যারা গুলি খেয়েছেন ভয় পাওয়ার কারণ নেই। আপনাদের সঙ্গে আমার ঝামেলা ওখানেই শেষ। গুলি খাওয়া ব্যক্তিদের মধ্যে যদি কেউ অসহায় থাকেন, তাঁদের যদি টাকা-পয়সা সাহায্য লাগে আমাকে ইনবক্স করিয়েন। ভবিষ্যতে গাড়ি আটকাতে গেলে আগে খোঁজখবর নিও গাড়ির ভিতরে কে আছে।’

অপর এক স্ট্যাটাসে রায়হান আরো লিখেন, ‘আসসালামু আলাইকুম, প্রিয় ফটিকছড়ি বাসী। আমি রায়হান। গতকাল (সোমবার) রাতে ফটিকছড়ির সুয়াবিল থেকে সিএনজিযোগে বের হলে, আমাকে আওয়ামীপন্থী মনে করে আমার গাড়ি আটকাতে চেষ্টা করে কিছু বি এন পি নেতা। আমিও আমার আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হই। অবশ্যই উনাদের সাথে আমার কোন ঝামেলা ছিলো না। শান্তভাবে যাচ্ছিলাম রাস্তা আটকাবি কেন?’

এদিকে ঘটনার পর রায়হানকে ধরতে অভিযান চালানোর একপর্যায়ে সোমবার রাত ১১টার দিকে চুঁরখারহাট বাজারে হ্যান্ডমাইক হাতে স্থানীয়দের সহযোগিতা চান হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ।

মসজিদের মাইকে রায়হানের অবস্থান জানিয়ে ঘোষণা দেওয়ার আহ্বান জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে শফি মেম্বারের কার্যালয়ের সামনে গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পশ্চিম সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বোরকা ও মুখোশ পরা চার থেকে পাঁচজন অস্ত্রধারী বাজারের মোড়ে আসে। সেখানে পৌঁছে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পরে অটোরিকশাটি নিয়ে চৌমুহনীর দিকে চলে যায়। সেখানেও ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে চলে যায় তারা।

এ ঘটনায় পথচারী, ব্যবসায়ী ও অটোরিকশাচালকসহ ছয়জন আহত হন। তাঁরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তাঁদের সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ঘটনার পর স্থানীয় লোকজন সিএনজিচালিত অটোরিকশার চালক মো. জাবেদ হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। জাবেদের দাবি, নাজিরহাট ঝংকার মোড় থেকে পাঁচজন অপরিচিত ব্যক্তি শোভনছড়ি যাওয়ার কথা বলে তাঁর অটোরিকশা ভাড়া করেন। পরে অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে নিজেদের নির্দেশনা অনুযায়ী গাড়ি চালাতে বাধ্য করেন তাঁরা।

তবে পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটোরিকশাচালক জানিয়েছেন, ওই অটোরিকশায় রায়হান ছিলেন।

গুলির ঘটনার পরপরই এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। রাত ১১টার দিকে চুঁরখারহাট বাজারে উপস্থিত হয়ে হ্যান্ডমাইক হাতে স্থানীয়দের উদ্দেশে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আপনারা মসজিদের মাইকে ঘোষণা দেন, এইখানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান লুকিয়ে রয়েছে। ওকে জীবন্ত পেতে হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ জানান, সুয়াবিলের পাহাড়ি এলাকায় রায়হান ও তাঁর সহযোগীদের অবস্থানের তথ্য ছিল পুলিশের কাছে। এর আগে রোববার রাতেও সেখানে অভিযান চালানো হয়। রায়হানের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ ১৫টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত