Ajker Patrika

পাবিপ্রবিতে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ

পাবনা প্রতিনিধি
পাবিপ্রবিতে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ
পাবিপ্রবিতে ছাত্রদলের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হলের একটি সিট দখল নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ দুজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম হোসেনের একটি সিটকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গ্রুপের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে সাধারণ সম্পাদক গ্রুপের তুর মোহাম্মদ মুবতাসিমকে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

এ বিষয়ে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়, গেস্ট রুমে অবস্থানরত সভাপতি গ্রুপের কয়েকজন ছাত্রদলনেতার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তাঁদের অস্ত্রসহ আটক করার চেষ্টা করা হলে তাঁরা জানালা ভেঙে পালিয়ে যান। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

সংঘর্ষে আহত জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শুভ ব্রহ্মচারী অজ্ঞান হয়ে পড়লে তাঁকেও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। তাঁদের দুজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তারা নিজেদের দোষ ঢাকতে আমার গ্রুপের ওপর দোষ চাপাচ্ছে।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, আমরা সবাই মিলে বোর্ড মিটিংয়ে বসছি। বোর্ড মিটিং শেষে সব প্রশ্নের উত্তর দেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত