
নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী গাড়ি নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরিটি ২৩ মিনিট পর পুনরায় চেয়ারম্যান ঘাটে ফিরে আসে। বিষয়টি নিয়ে ফেরি যাত্রীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তাঁদের জানানো হয়, স্থানীয় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ ঘাটে এসেছেন, তাঁকে নিয়ে নলচিরা ঘাটে যেতে হবে। এমন ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন ফেরি মহানন্দার মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী গাড়ি নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যায় ফেরি মহানন্দা। ফেরি ছাড়ার কিছুক্ষণ পর গাড়িযোগে চেয়ারম্যান ঘাটে আসেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি ফেরিতে নদী পার হয়ে হাতিয়া যাবেন তাই ফেরি পুনরায় ঘাটে আনতে কর্তৃপক্ষকে জানান। ততক্ষণে ফেরি ছাড়ার ২৩ মিনিট শেষ। এমপিকে নিতে মেঘনা নদীর মাঝপথ থেকে ফেরিটি ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। তখন এমপি তাঁর নেতা-কর্মীদের নিয়ে ফেরিতে ওঠেন। এরপর ফেরিটি নলচিরা ঘাটের উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে।
ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, ‘ফেরির মাস্টার প্রথমে আমাকে জানান, ফেরি ছাড়বে না। পরে আবার জানান, বিকেল সাড়ে ৩টায় ফেরি ছাড়বে। কিন্তু ছাড়ার প্রায় ২৩ মিনিট পর ফেরি আবার ফিরে আসে এমপি হান্নান মাসুদকে নিয়ে যাওয়ার জন্য।’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রী জানান, ঘাট থেকে ছেড়ে আসার অনেকক্ষণ পর হঠাৎ দেখি ফেরি ঘুরে যাচ্ছে। পরে ঘাটে ফিরে দেখি, এমপি হান্নান মাসউদ ও তাঁর সঙ্গে থাকা লোকজন ফেরিতে উঠছেন। এতে যাত্রীদের অনেক সময় নষ্ট হয়েছে। এমন বৈরী আবহাওয়ায় একদিকে আমরা ভয়ের মধ্য দিয়ে নদী পাড়ি দিচ্ছি, আর এমপি তাঁর ক্ষমতা দেখাল। যদি আবহাওয়া খারাপ হয়ে যেত, তাহলে হাতিয়া যাওয়া আমাদের অনিশ্চিত ছিল। তা ছাড়া ফেরি ঘুরে আসতে যে সময় লেগেছে, ততক্ষণে আমরা নলচিরা ঘাটের কাছাকাছি পৌঁছে যেতাম।
ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার আনুমানিক ১০ মিনিট পর এমপির জন্য ফেরি ঘাটে ফিরে আসে। এমন ভিআইপিদের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। এটি সব সময় করা লাগে।’
ফেরি মহানন্দার মাস্টার নুরুল আমীন বলেন, ‘আমি এত কিছু জানি না। ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ার আমাকে জানান, ঘাটে এমপি এসেছেন। ফেরি ঘুরিয়ে তাঁকে নিয়ে যেতে হবে। পরে আমরা ঘাটে ফিরে এমপিকে নিয়ে নলচিরা ঘাটে যাই।’
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ভিআইপির জন্য নির্ধারিত গন্তব্যে যাত্রার পর ফেরি মাঝপথ থেকে ফিরিয়ে আনা কতটা যৌক্তিক।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য হান্নান মাসউদ কোনো মন্তব্য করতে রাজি হননি।

কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গাজীপুরের পর্যটক শফিকুল ইসলাম তুলুর (২৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার ঘোড়াউত্রা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শাহ জালাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ভাইয়ের ছেলে গোলাম হোসেনের (৩৫) বিরুদ্ধে। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকিরহাট মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুল হাশেম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালকসহ আরও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার ঝিনেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
টানা ভারী বর্ষণের মধ্যে কক্সবাজার শহরের অদূরে পাহাড়ধসে রোজিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলাতলী ঝিরঝিরি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে