Ajker Patrika

দ্রুত বাড়ছে তিস্তার পানি, দুই জেলায় বন্যার শঙ্কা

লালমনিরহাট প্রতিনিধি নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ২১: ৪৪
দ্রুত বাড়ছে তিস্তার পানি, দুই জেলায় বন্যার শঙ্কা
নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্ট। ফাইল ছবি

অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলায় নদীর তীরের নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, আজ সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নীলফামারীর ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে আজ বেলা ৩টায় এই পয়েন্টে পানি বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে তিন ঘণ্টার ব্যবধানে সন্ধ্যা ৬টায় পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। তার সোয়া এক ঘণ্টা পর উচ্চতা বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে।

ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, রাতে তিস্তার পানি আরও বাড়তে পারে।

স্থানীয় বাসিন্দা ও পাউবো সূত্র বলেছে, উজানে ভারতে কয়েক দিন ধরে ভারী বৃষ্টির কারণে তিস্তায় পানির প্রবাহ বেড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে নীলফামারী ও লালমনিরহাটে গত দুই দিনের ভারী বৃষ্টি। এর আগে গত মাসের শেষ দিকে তিস্তার পানি বিপৎসীমা ছাড়িয়ে গেলে নদীর তীরের নিচু এলাকাগুলোয় একবার স্বল্পমেয়াদি বন্যা হয়। অবশ্য এক দিন পরেই পরিস্থিতির উন্নতি ঘটেছিল। এরপর গত বুধবার পানি বাড়তে শুরু করে। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় বিপৎসীমার কাছে চলে আসে পানির উচ্চতা। সেই পরিস্থিতিরও এক দিন পরেই উন্নতি ঘটে।

গতকাল রোববার রাতে শুরু হওয়া ভারী বৃষ্টি আজ দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। উজানের ঢলের সঙ্গে ভারী বৃষ্টির প্রভাবে আবারও বাড়তে শুরু করেছে তিস্তার পানি। এরই মধ্যে লালমনিরহাটে নদীর তীরের নিচু এলাকাগুলোয় পানি ঢুকতে শুরু করেছে।

লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, যেভাবে তিস্তার পানি বাড়ছে, তাতে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত