
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের মামলায় হেলাল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি হেলাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। তিনি বারহাট্টা উপজেলার স্বল্পদশাল গ্রামের বাসিন্দা।
নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. নুরুল কবীর রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১ মার্চ রাতে বারহাট্টা উপজেলার এক গ্রামে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণ করেন হেলাল উদ্দিন। ঘটনার সময় ভুক্তভোগী নারী তাঁর দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন।
ধর্ষণের পর ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। স্থানীয়ভাবে একাধিক সালিসে বিষয়টির মীমাংসা ও তাঁদের বিয়ের উদ্যোগ নেওয়া হলেও হেলাল উদ্দিন ধর্ষণের ঘটনা অস্বীকার করেন। পরে একটি কন্যাসন্তান জন্ম নিলে সন্তানের পিতৃত্বও অস্বীকার করেন তিনি।
এ ঘটনায় প্রথমে বারহাট্টা থানায় মামলা হয়। পরে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। ২০১৩ সালের ১১ অক্টোবর পুলিশ চার্জশিট দাখিল করে।
পরে আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়, ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটির পিতা হেলাল উদ্দিন।
পাবলিক প্রসিকিউটর মো. নুরুল কবীর রুবেল জানান, ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির পিতৃত্ব নিশ্চিত হয়েছে। ফলে শিশুটি হেলাল উদ্দিনের আইনগত সন্তান হিসেবে স্বীকৃতি পাবে এবং পিতার সম্পত্তিসহ অন্যান্য আইনগত অধিকারের দাবিদার হবে।
প্রসিকিউটর আরও বলেন, এই রায়ের মাধ্যমে শুধু ধর্ষকের শাস্তি নিশ্চিত হয়নি, বরং ডিএনএ পরীক্ষার ভিত্তিতে একটি শিশু তার পিতৃপরিচয়, সামাজিক স্বীকৃতি ও আইনি অধিকার পেয়েছে। এটি ভবিষ্যতে অনুরূপ মামলায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

রাজধানীর হাজারীবাগ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাংলা একাডেমিতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে তিনটি বইয়ের পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বক্তারা বলেছেন, জুলাই নিয়ে লেখা গল্পগুলো শুধু গল্প নয়, এটি ইতিহাস। জুলাই গণ-অভ্যুত্থানে যেসব ছড়া প্রেরণা জুগিয়েছিল, সেগুলো আন্দোলনে স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়...
২ ঘণ্টা আগে
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে রোগীর নষ্ট দাঁতের পরিবর্তে সুস্থ দাঁত তুলে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসায় গুরুতর অবহেলা, অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অনুপস্থিতি এবং চিকিৎসা-নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন দুই শ্রমিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে