
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওরে ফসল রক্ষা বাঁধ সামান্য বৃষ্টিতেই ধসে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দায়সারাভাবে বাঁধের কাজ করা হয়েছে। বন্যা হলে এই বাঁধ ভেঙে ফসল তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা তাদের।
গতকাল বুধবার উপজেলার গাগলাজুর ইউনিয়নের করাচাপুর গ্রামের সামনে চিকাডুবি হাওরে গিয়ে দেখা যায়, সেখানকার হাইজদা বেড়িবাঁধ উপপ্রকল্পের ২৪ নম্বর পিআইসির বাঁধের উভয় পাশে কয়েকটি অংশ বৃষ্টিতে ধসে গেছে। বাঁধ ঘুরে দেখা গেছে, বাঁধের মাটি ঠিকমতো দুরমুশ মেরে বসানো হয়নি। দুই পাশে দূর্বা ঘাস লাগানোর কথা থাকলেও সঠিকভাবে ঘাসও লাগানো হয়নি।
স্থানীয় কৃষকেরা বলছেন, ‘এবার কোনো রকম দায়সারাভাবে বাঁধের কাজ করা হয়েছে। দুরমুশ পিটিয়ে মাটি বসানো হয়নি। সঠিকভাবে ঘাসও লাগানো হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই বাঁধের মাটি ধসে যাচ্ছে। আগাম বন্যা হলে এই বাঁধ টিকবে না, হাওরের বোরো ধান তলিয়ে যাবে। নড়বড়ে বাঁধ নিয়ে আমরা আতঙ্কে আছি।’
কৃষক আ. মালেক বলেন, ‘হাওরের একটা ফসলের ওপর আমাদের সারা বছরের খাওয়াদাওয়া, আনন্দ-উৎসব, চিকিৎসা, বাজার খরচ, ছেলেমেয়ের পড়াশোনাসহ সবকিছু নির্ভর করে। এই ফসল ঘরে তুলতে না পারলে আমাদের জীবনে দুর্ভোগ নেমে আসে। আর বাঁধের ওপর নির্ভর করে এই ফসল। তবে এবার দুর্বল বাঁধের কারণে আগাম বন্যা হলে হাওরের ফসল তলিয়ে যেতে পারে।’
নীতিমালা অনুযায়ী, পাউবোর তদারকিতে গত বছরের ৩০ নভেম্বরের মধ্যে পিআইসি গঠন ও ৩০ অক্টোবরের মধ্যে প্রকল্প নির্ধারণের কাজ চূড়ান্ত হওয়ার কথা ছিল। আর হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শুরু এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করার কথা। তবে নির্দিষ্ট সময় শেষ হয়ে আরও ১৫ দিনের বেশি অতিক্রম করলেও এখনো সবগুলো বাঁধের পুরো কাজ শেষ করতে পারেনি পাউবো।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জেলায় পাউবোর অধীনে প্রায় ৩৬৫ কিলোমিটার ডুবন্ত (অস্থায়ী) বাঁধ আছে। কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের আওতায় এ বছর ১৩৭ দশমিক ৫৭৯ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার করতে ২০২টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হয়েছে। এর বরাদ্দ ধরা হয়েছে ৩০ কোটি ৫২ লাখ টাকা। গঠিত ২০২টি পিআইসির মধ্যে খালিয়াজুরীতে ১৪৩টি, মোহনগঞ্জে ২৯টি, মদনে ১৯টি ও কলমাকান্দায় ১০টি রয়েছে।
আজ বৃহস্পতিবার এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা কাবিটা প্রকল্পের সদস্যসচিব ও পাউবোর উপসহকারী প্রকৌশলী এনায়েত রহমান বলেন, এই একটা বাঁধে সামান্য সমস্যা হয়েছিল। আর কোথায়ও কোনো সমস্যা হয়নি। আজ মাটি কেটে ঠিক করা হয়েছে। ঘাস ঠিকমতো লাগানোর জন্য পিআইসি সংশ্লিষ্টদের বলা হয়েছে। কয়েক দিনের মধ্যে পর্যাপ্ত ঘাস লাগানো হবে।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কাবিটা প্রকল্পের সভাপতি আমেনা খাতুন বলেন, বাঁধের ক্ষতিগ্রস্ত অংশটি ধসের খবর পেয়ে আজকে মাটি কেটে ঠিক করা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের বলেন, ‘মদন উপজেলার একটি বাঁধে মাটি কাটা শেষ হয়নি। খবর পেয়ে উপসহকারী প্রকৌশলীকে পাঠিয়েছি। তিনি আমাকে রিপোর্ট করবেন। এ ছাড়া হাওরের সবগুলো বাঁধেই মাটি কাটার কাজ শেষ হয়েছে। বাঁধে ঘাসও লাগানো হচ্ছে। এই সময়ে সামান্য বৃষ্টিপাত হলেও বন্যার শঙ্কা নেই।’

ফরিদপুরের সদরপুর উপজেলার জামতলা বাজারে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ সহায়তা তুলে দিয়েছেন কাজাখস্তানপ্রবাসী ফরহাদ ওহাব আকনের পক্ষ থেকে তাঁর বাবা আব্দুল ওহাব আকন।
২০ মিনিট আগে
লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ধাক্কায় রনি সরকার (২৫) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। বুধবার বিকেলে লালমনিরহাট রংপুর মহাসড়কে অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি সরকার সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারি গ্রামের নুর ইসলামের ছেলে।
৩০ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান আহত হওয়ার ঘটনায় দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাতে আড়াইহাজার ও সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে তাঁদের ন
৩৭ মিনিট আগে
বরিশাল বিএম কলেজে মারধরের ঘটনার জেরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ, অবস্থান ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ অবস্থান নেয় বলে জানিয়েছে পুলিশ।
৪০ মিনিট আগে