Ajker Patrika

লিবিয়ায় ছেলেকে জিম্মি করে বাবার কাছে ৪২ লাখ টাকা দাবি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লিবিয়ায় ছেলেকে জিম্মি করে বাবার কাছে ৪২ লাখ টাকা দাবি, গ্রেপ্তার ২
লিবিয়ায় বাংলাদেশি যুবককে জিম্মি করে পরিবারের কাছে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। ছবি: সিআইডি

লিবিয়ায় মো. সাইফুল নামে এক যুবককে জিম্মি করে তার পরিবারের কাছে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার দুজন হলেন—মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিআইডি জানায়, গ্রেপ্তার দুজন মানবপাচারকারী চক্রের সদস্য।

আজ শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সাইফুল (৩৯) প্রায় দুই বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় সোহেল দালালের মাধ্যমে লিবিয়ায় যান। সেখানে পৌঁছানোর পর তাকে মানবপাচারকারী চক্র জিম্মি করে। এর পর ২০২৫ সালের ৫ আগস্ট লিবিয়ার একটি নম্বর থেকে সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে কল করে জানানো হয়, তাকে আটক রাখা হয়েছে। জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। অন্যথায় সাইফুলকে হত্যার হুমকি দেওয়া হয়।

সাইফুলের সঙ্গে কথা বলার সুযোগ পেতে হলে মুক্তিপণের অর্ধেক টাকা পরিশোধ করতে হবে বলেও জানায় অপহরণকারীরা। ছেলের জীবন বাঁচানোর আশায় ২০২৫ সালের ১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকান থেকে অভিযুক্তদের দেওয়া একাধিক নম্বরে মোট পাঁচ লাখ টাকা পাঠান পরিবারের সদস্যরা। তবে টাকা পেলেও সাইফুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ করিয়ে দেওয়া হয়নি।

এরপর সোহেল নামে এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তার বিষয়ে সব তথ্য থাকার দাবি করেন। প্রয়োজনে নিজে লিবিয়ায় গিয়ে সাইফুলকে উদ্ধার করে আনার আশ্বাস দিয়ে তাকে ঢাকার কদমতলী এলাকায় আসতে বলেন। সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সিআইডি আরও জানায়, পরবর্তী সময়ে অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হয়। ছেলেকে উদ্ধারের কথা বলে তার কাছে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় জানানো হয়, লিবিয়ায় মোকাররম ও আনোয়ার নামের দুই ব্যক্তির কাছে সাইফুল আটক রয়েছেন। তাদের কাছ থেকেই আব্দুস সামাদের মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে। ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর টাকা দেবেন না বলে জানিয়ে দেন আব্দুস সামাদ। এরপর থেকে পরিবারের সঙ্গে আর যোগাযোগ করেনি অপহরণকারীরা।

এ ঘটনায় প্রতারিত হয়ে এবং ছেলের জীবন নিয়ে শঙ্কিত হয়ে আব্দুস সামাদ গত বছরের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মানব পাচার ও প্রতারণার অভিযোগে মামলা করেন। মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডির টিএইচবি শাখা। তদন্তে পাওয়া তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনোয়ার হোসেন ও সোহেল রানাকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ এবং মামলার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মানবপাচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত, পাচারের রুট এবং লিবিয়ায় আটক সাইফুলের অবস্থান জানার চেষ্টা চলছে। তাকে উদ্ধারের পাশাপাশি দেশি-বিদেশি মানব পাচারকারী চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত