মোস্তাফিজসহ আইপিএলের নিলামে সাত বাংলাদেশি

২০২৬ আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নেওয়ার পর ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তা নিয়ে তোলপাড় কম হয়নি। বছর ঘুরতে না ঘুরতেই দরজায় কড়া নাড়ছে আরও এক আইপিএল। তিনিসহ সাত বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন ২০২৭ আইপিএলের নিলামে।
ইন্ডিয়া টুডের গত রাতের এক প্রতিবেদন থেকে জানা গেছে, সাত বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন আইপিএলের নিলামে। যাঁদের মধ্যে পাঁচ পেসার, একজন স্পিন বোলিং অলরাউন্ডার। মোস্তাফিজের পাশাপাশি ২০২৭ আইপিএলের নিলামে নাম লেখানো বাংলাদেশের পেসাররা হলেন নাহিদ রানা, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। স্পিন বোলিং অলরাউন্ডার রিশাদ হোসেন আছেন এই তালিকায়। আর তারকা ব্যাটার তাওহীদ হৃদয় নাম লিখিয়েছেন আইপিএল নিলামে।
২০২৬ আইপিএলের মতো এবারও আইপিএলের মিনি নিলাম হবে। গোয়ায় এ বছরের ১৬ ডিসেম্বর হবে ২০২৭ আইপিএলের নিলাম। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে এরই মধ্যে নামডাক কুড়িয়েছেন মোস্তাফিজ। রানা, শরীফুলরাও কম যান না। ২০২৬ পিএসএলে পেশোয়ার জালমির হয়ে দুজনেই দুর্দান্ত বোলিং করেছেন। যাঁদের মধ্যে রানা ৫ ম্যাচে ৫.৪৪ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট।
হাসান মাহমুদেরও সময়টা দুর্দান্ত কাটছে। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশি কেন্টের হয়ে দুর্দান্ত বোলিং করা হাসান ফর্মটা নিয়ে এসেছেন টেস্টেও। ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক ৯ উইকেটের জয়ে তিনি হয়েছিলেন ম্যাচসেরা। সেই ম্যাচে বাংলাদেশের তারকা পেসার নিয়েছিলেন ৯ উইকেট। আবুধাবিতে গত মাসে আফগানিস্তানের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। এই ম্যাচসহ সিলেটে সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পেয়েছেন ফাইফার।
গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত মিনি নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২ কোটি ৩৫ লাখ টাকা। আইপিএলের ইতিহাসে তিনিই হয়ে ওঠেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া বাংলাদেশি ক্রিকেটার হয়ে উঠেছিলেন। তাঁর ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি (২ কোটি ৬৮ লাখ টাকা)। চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে লড়াই করে নিয়েছিল কলকাতা। কিন্তু এ বছরের ৩ জানুয়ারি তাঁকে বাদ দেওয়াতে তুমুল হই চই হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি।
রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ানস—এই পাঁচ ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন মোস্তাফিজ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ২০১৬ থেকে ২০২৫ পর্যন্ত ৬০ ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট। ইকোনমি ৮.১৩। তবে এ বছর আইপিএল খেলতে না পারলেও খেলেছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। লাহোর কালান্দার্সের জার্সিতে ২০২৬ পিএসএলে ৭.১৭ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট।









