
গাইবান্ধা জেলা শহরের দুটি গুরুত্বপূর্ণ প্রবেশপথে নির্মিত দুটি নতুন সেতু নির্মাণকাজ শেষ হলেও গত দুই বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতু দুটি এখনো যান চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি। ফলে নতুন সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন জেলার বাসিন্দারা। এ দিকে বিকল্প না থাকায় প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকিপূর্ণ ও পুরোনো সরু সেতু ব্যবহার করে যাতায়াত করছেন। এতে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, অন্যদিকে দুর্ভোগও পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
গাইবান্ধা জেলা সড়ক ও জনপথ বিভাগ জানায়, জেলা শহরের যানজট কমাতে এবং পুরোনো ঝুঁকিপূর্ণ সেতুগুলোর বিকল্প হিসেবে সড়ক ও জনপথ বিভাগ দুটি নতুন সেতু নির্মাণ করে। একটি সেতু গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের নতুন ব্রিজ এলাকায় ঘাঘট নদীর ওপর নির্মিত ‘ঘাঘট-২ সেতু’। যার দৈর্ঘ্য প্রায় ৭৬ মিটার। অপরটি গাইবান্ধা-বালাসীঘাট সড়কের পুলবন্দি এলাকায় নির্মিত ‘আলাই সেতু’। যার দৈর্ঘ্য প্রায় ৯০ মিটার। দুটি সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের শেষ দিকে এবং ২০২৪ সালের জুনে তা সম্পন্ন হয়। নির্মাণ ব্যয় হয় প্রায় ৩০ কোটি টাকা।
তবে সেতু দুটি চলাচলের জন্য প্রস্তুত হলেও সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় এখনো ব্যবহার উপযোগী হয়নি। ফলে নতুন সেতুর দুই প্রান্তে সড়ক না থাকায় যানবাহন চলাচল করতে পারছে না।
সেতু দিয়ে যাতায়াতকারীদের অভিযোগ, দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেতুগুলো নষ্ট হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও তৈরি হচ্ছে। পুরোনো সেতুগুলো যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলেও তাঁরা আশঙ্কা করছেন।
সরেজমিনে দেখা যায়, গাইবান্ধা পৌর শহরে আলাই নদীর ওপর একটি সেতু নির্মিত হয়েছে। যেটি দিয়ে ফুলছড়ি ও জেলা শহরের একমাত্র যাতায়াতের ব্যবস্থা। নির্মিত সেতুর পাশেই বহু বছরের পুরোনো একটি সরু সেতু রয়েছে। সেই সেতু দিয়েই প্রতিদিন হাজার হাজার পথচারীসহ অসংখ্য যানবাহন চলাচল করছে। শুধু সংযোগ সড়ক না থাকায় নবনির্মিত সেতুটি মানুষের কাজে আসছে না।
শহরের নতুন ব্রিজ এলাকায় ঘাঘট নদীর ওপর নির্মিত সেতুটির পাশেও পুরাতন একটি সেতু দিয়ে গাইবান্ধা জেলা শহর ও সুন্দরগঞ্জ উপজেলার অসংখ্য যানবাহনসহ পথচারীরা চলাচল করছেন। এই সেতুটির কাজ সম্পন্ন হলেও শুধু সংযোগ সড়কের অভাবে চালু করা সম্ভব হয়নি। এতে করে দুটি উপজেলার অসংখ্য যানবাহন জেলা শহরের প্রবেশদ্বারে গিয়ে আটকে পড়ে। সেই যানজটে নাকাল হয়ে পড়ে শহরবাসী।
গাইবান্ধা জেলা শহরের অটোচালক হুমায়ন মিয়া বলেন, ‘নতুন সেতুর কাজ বন্ধ থাকায় নিউ ব্রিজ রোড এলাকার পুরোনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চালাতে হচ্ছে। বড় কোনো দুর্ঘটনার আগেই নতুন সেতু চালু করা দরকার।’
ট্রাকচালক আশরাফুল আলম বলেন, ‘দীর্ঘদিন অব্যবহৃত থাকায় শহরের নতুন ব্রিজ ও পুলবন্দি সেতু দুটি নষ্ট হওয়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও তৈরি হচ্ছে। পুরোনো সেতুগুলো যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।’
পুলবন্দি এলাকার শাহরিয়ার বলেন, ‘নতুন সেতু চোখের সামনে, কিন্তু ব্যবহার করা যাচ্ছে না। পুরোনো ভাঙা সেতু দিয়েই চলাচল করতে হচ্ছে মানুষদের।’
গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন জানান, সেতু নির্মাণ শেষ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সংযোগ সড়কের কাজ আটকে আছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে এবং দ্রুত কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ের কর্মচারীর হামলার প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ...
১ ঘণ্টা আগে
ঢাকার সাভারে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের কয়েকটি আসনের অংশবিশেষ পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৮ ঘণ্টা আগে