Ajker Patrika

পদ্মার চর থেকে আবারও গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লালপুর (নাটোর) ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পদ্মার চর থেকে আবারও গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নাটোরের লালপুরে পদ্মা নদীর রাইটার চর থেকে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) চরে নদীর তীরে শ্যালো ইঞ্জিনের মাছ ধরার নৌকা থেকে লাশটি উদ্ধার করে পাবনার ঈশ্বরদী লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ। এ সময় নদী থেকে আহত আরও একজনকে উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম মো. সাহাবুল প্রামাণিক (৪৫)। তিনি ঈশ্বরদী উপজেলা সাঁড়া গোপালপুর এলাকার মো. ইউনুছ প্রামাণিকের ছেলে। আর আহত মো. রবিউল ইসলাম (৩৭) ঈশ্বরদী সাঁড়া চাঁনমারি গোরস্তানপাড়া এলাকার মো. আব্দুল হক মোল্লার ছেলে।

এর আগে ৯ জুন লালপুরের চরজাজিরা মৌজার পদ্মা নদীতে স্পিডবোট থেকে গুলিবিদ্ধ মো. আজিজুল হক ঝড়ু (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। বালুমহাল দখল নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে ওই ব্যক্তি খুন হন বলে জানা যায়। এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে পদ্মা থেকে গুলিতে নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হলো।

আহত ব্যক্তির বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চর থেকে মোটরসাইকেল চালিয়ে আসা ৫-৬ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী নদীর কাছাকাছি থেকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এ সময় শ্যালো ইঞ্জিনের নৌকায় থাকা জেলে মো. সাহাবুল ইসলামের ডান কাঁধে গুলিবিদ্ধ (প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে) হয়ে হাড় ভেঙে বের হয়ে যায়। মো. রবিউল ইসলাম আতঙ্কিত হয়ে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে দূরে চলে যান।

রবিউল ইসলাম শরীর ও দুই হাতে সামান্য আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে লালপুর থানা-পুলিশ ও লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় একটি শ্যালো ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত