Ajker Patrika

তর্কের জেরে বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা দুই কিশোরের

গাইবান্ধা প্রতিনিধি
তর্কের জেরে বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা দুই কিশোরের

গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামে পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে কিশোর রাহাতকে (১৫) হত্যার অভিযোগ উঠেছে দুই বন্ধুর বিরুদ্ধে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে হাওয়াই দিঘির মোড় এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত দুই কিশোর সাকিব ও রিফাত ঘটনার পর থেকে পলাতক।

নিহত রাহাত স্থানীয়ভাবে গাটু নামে পরিচিত। সে উত্তর হরিণসিংহা গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে উত্তর হরিণসিংহা গ্রামের হাওয়াই দিঘিতে গোসল করতে নামে স্থানীয় তিন কিশোর সাকিব (১৫), রিফাত (১৫) ও রাহাত (১৫)। গোসলের সময় তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে সাকিব ও রিফাত মিলে রাহাতকে পানিতে চুবাতে থাকে। এতে রাহাতের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর সাকিব ও রিফাত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রাহাতকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের খবরে পুলিশ নিহতের বাড়ি গেলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তাদের সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে।

অভিযুক্ত দুই কিশোরের মধ্যে সাকিব একই এলাকার জবান আলীর ছেলে এবং রিফাত সাইদুল ইসলামের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নিহত ব্যক্তির পরিবার এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত