নাটোরে কৃষকের দেড় শতাধিক কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

নাটোরের লালপুরে এক কৃষকের পুকুরপাড়ের দেড় শতাধিক কলাগাছ কেটে ও ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে কৃষক মো. সজিব আলীর (৩২) প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর।
আজ শনিবার সরেজমিনে দেখা যায়, পুকুরপাড়জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে কাটা ও ভাঙা কলাগাছ। কোনো গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে, আবার কোনোটি ভেঙে দেওয়া হয়েছে। একসময় যে জমিতে সবুজের সমারোহ ছিল, সেখানে এখন পড়ে আছে ক্ষতিগ্রস্ত কলাগাছের স্তূপ।
ক্ষতিগ্রস্ত কৃষক সজিব আলী বোয়ালিয়াপাড়া গ্রামের বাদশা আলীর ছেলে। দীর্ঘদিন ধরে নিজের পুকুরপাড়ে কলার আবাদ করে আসছিলেন তিনি। অনেক টাকা বিনিয়োগ ও শ্রম দিয়ে গাছগুলোর পরিচর্যা করেছেন। গাছগুলোও ফলন দেওয়ার উপযোগী হয়ে উঠেছিল। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে তাঁর সব স্বপ্ন ও পরিশ্রম ভেস্তে গেছে।
ক্ষতির বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে সজিব আলী বলেন, ‘অনেক কষ্ট করে পুকুরপাড়ে কলাগাছের আবাদ করেছি। এগুলোর পেছনে আমার অনেক টাকা খরচ হয়েছে। একসঙ্গে এতগুলো গাছ কেটে ফেলায় আমি প্রায় নিঃস্ব হয়ে পড়েছি। আমার সঙ্গে পূর্বশত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
সজিব জানান, দুর্বৃত্তদের এ কর্মকাণ্ডে তাঁর আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে ওঠা তাঁর পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে রাতের আঁধারে কলাগাছগুলো কেটে ও ভেঙে ফেলা হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’









