সাফল্যের ধারাবাহিকতায় এবারও দেশসেরা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ

সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবারও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ১ হাজার ৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৫৫১ জন। পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর কলেজটির এ সাফল্যের তথ্য জানা যায়।
কলেজের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—তিনটি বিভাগ থেকেই শিক্ষার্থীরা উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে। বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৮ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন এবং মানবিক বিভাগে ৩১১ জনের মধ্যে ৯৮ জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে পাসের হার শতভাগ।
কলেজ কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা চলাকালে অসুস্থতার কারণে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ কারণে একজন পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় প্রতিষ্ঠানটি শতভাগ পাসের সাফল্য অর্জন করতে পারেনি।
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সোয়াইব হোসেন বলেন, ‘আমি কলেজের হোস্টেলে ছিলাম। আমাদের শিক্ষক ও অভিভাবকেরা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সার্বক্ষণিক মনিটরিংয়ে রেখেছেন। তাঁদের সহযোগিতায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।’

কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আমাদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সরাসরি নির্দেশনায় নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটোরিয়াল, মাসিক পরীক্ষা এবং গাইড টিচারের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বক্ষণিক তত্ত্বাবধান করা হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও সংশ্লিষ্ট সবাই কঠোর পরিশ্রম করেছেন।’
কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, ‘প্রথমেই মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এ অর্জন শুধু কলেজের নয়, এটি নরসিংদীবাসীর অর্জন।’
সাফল্যের দীর্ঘ ইতিহাস
২০০৬ সালে প্রতিষ্ঠিত আবদুল কাদির মোল্লা সিটি কলেজ শুরু থেকেই ফলাফলে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। ২০০৮ সালে প্রথম ফলাফলে প্রতিষ্ঠানটির পাসের হার ছিল ৯৯ শতাংশ। ২০০৯ সালে শতভাগ পাসসহ ঢাকা শিক্ষা বোর্ডে পঞ্চম এবং সারা দেশে ষষ্ঠ স্থান অর্জন করে কলেজটি। ২০১০ সালে ঢাকা বোর্ডে চতুর্থ এবং ২০১১ সালে সপ্তম স্থান অর্জন করে।
২০১২, ২০১৩ ও ২০১৪ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ড তথা সারা দেশে দ্বিতীয় স্থান অর্জনের গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটি। পরবর্তী সময়ে শিক্ষা বোর্ড থেকে সেরাদের তালিকা প্রকাশ বন্ধ হলেও কলেজটি নিজেদের ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্তও প্রতিষ্ঠানটি ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে।
এবারের ফলাফলেও উচ্চ পাসের হার ও বিপুলসংখ্যক জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়ে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা তুলে ধরেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ।









