Ajker Patrika

স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, ৪ বছরের ছেলেকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ বাবার

নরসিংদী প্রতিনিধি
স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, ৪ বছরের ছেলেকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ বাবার
চার বছরের ছেলেকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ বাবার। ছবি: সংগৃহীত

নরসিংদীতে পারিবারিক কলহ ও স্ত্রীর ওপর অভিমান করে চার বছরের শিশুসন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক যুবক। এ ঘটনায় বাবা ও ছেলে দুজনেই গুরুতর আহত হয়েছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদী শহরের আরশিনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।

আহত আল আমিন (২৫) নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার হাসেম মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় তাঁর চার বছরের সন্তান আরিয়ান মাথায় মারাত্মক আঘাত পেয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ নিয়ে দাম্পত্য কলহের জেরে কিছুদিন আগে তাঁর স্ত্রী রুমি বেগম তাঁকে ছেড়ে চলে যান। তবে সন্তান আরিয়ান বাবার কাছেই রয়ে যায়। পরবর্তী সময়ে স্ত্রীকে ঘরে ফেরানোর জন্য পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করতেন আল আমিন। সম্প্রতি রুমি বেগম ফিরে আসার আশ্বাস দিলেও তা না করায় আল আমিন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে নোয়াখালীগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি আরশিনগর এলাকা অতিক্রম করার সময় আল আমিন তাঁর সন্তানকে নিয়ে লাইনে ঝাঁপ দেন। ট্রেনের ধাক্কায় দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।

নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনির হোসেন জানান, দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি ভিত্তিতে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দিন বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে বাবা ও ছেলে আহত হন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত