নরসিংদী প্রেসক্লাবে হামলা ও চাঁদাবাজি মামলার আসামি সুমন গ্রেপ্তার

নরসিংদীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি এবং নরসিংদী প্রেসক্লাবে হামলা ও লুটপাটের মামলার পলাতক আসামি সফিকুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে নরসিংদী সদর উপজেলার ভেলানগর মহল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আর মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিবপুর ও নরসিংদী সদর থানা-পুলিশের যৌথ অভিযানে সুমনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার বিবরণসূত্রে জানা যায়, গত ২২ আগস্ট নরসিংদী পৌর শহরের বিলাসদী মহল্লায় একটি নির্মাণাধীন বাড়িতে গিয়ে সাংবাদিক পরিচয়ে বাড়ির মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন সুমন ও তাঁর সহযোগীরা। দাবি করা চাঁদা না পেয়ে ‘নরসিংদী গুপ্তচর’ নামের একটি ফেসবুক পেজ থেকে বাড়ির মালিক মাহমুদা আরেফিন ও তাঁর ব্যাংকার স্বামীর বিরুদ্ধে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচার করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মাহমুদা আরেফিন আদালতে অভিযোগ করেন। পরে আদালত নরসিংদী মডেল থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেন। মামলার তদন্তে আলম মৃধা নামে সুমনের এক সহযোগীকে গ্রেপ্তার করা হলেও সুমন তখন থেকে পলাতক ছিলেন।
এ ছাড়া ২০২৫ সালের ২১ আগস্ট ঐতিহ্যবাহী নরসিংদী প্রেসক্লাবে হামলা ও লুটপাটের ঘটনায় করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সুমন। ওই মামলাতেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, স্বীকৃত কোনো গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলেও সাংবাদিক পরিচয় ব্যবহার করে জেলাজুড়ে চাঁদাবাজি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাতেন সুমন। বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যাংকার, সরকারি কর্মকর্তা ও শিল্পপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।









