
নওগাঁর বদলগাছী উপজেলা সমাজসেবা অফিসের রোগীকল্যাণ কমিটির বরাদ্দ ও কার্যক্রম নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, ওষুধ ও দাফন ব্যয়ের জন্য সরকারি বরাদ্দ থাকলেও বাস্তবে রোগীরা সে সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
কাগজ-কলমে বরাদ্দ ব্যয়ের হিসাব থাকলেও এলাকাবাসীর ভাষ্য, তাঁরা কোনো চিকিৎসা সহায়তা, ওষুধ বা দাফন ব্যয়ের সুবিধা কখনো পাননি। অসহায় রোগীদের জন্য বরাদ্দ করা তহবিল ব্যবহারে চরম অনিয়ম তদন্তে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সমাজসেবা অফিসের তথ্য অনুযায়ী, ২০১২ সালে বদলগাছী সমাজসেবা অফিসের আওতায় ২৩ সদস্যের একটি রোগীকল্যাণ কমিটি গঠন করা হয়। ওই বছরের ১৯ আগস্ট বদলগাছী সোনালী ব্যাংক শাখায় কমিটির নামে একটি ব্যাংক হিসাব খোলা হয়। তৎকালীন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে কমিটি গঠন করা হয়েছিল।
শুরুতে কয়েকটি সভা হলেও সময়ের সঙ্গে সঙ্গে সদস্যদের উপস্থিতি বন্ধ হয়ে যায়। কমিটির তালিকায় থাকা নাম ও সভার নথিতেও অসংগতি পাওয়া গেছে। উদাহরণ হিসেবে, সদস্য এস এম জ্যাকিতুল্লাহ সরদার একজন মুসলমান হলেও নথিতে তাঁর বাবার নামের জায়গায় জগন্নাথ মণ্ডল নামের এক হিন্দু ব্যক্তির নাম লেখা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এভাবেই ভুয়া কমিটি ও নথি তৈরি করে সরকারি বরাদ্দ লুটপাট করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, সাংবাদিক হাসানুজ্জামান হাসান, এস এম জ্যাকিতুল্লাহ সরদার, ব্যবসায়ী জীতেন্দ্রনাথ মণ্ডলসহ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, আট বছর ধরে কমিটির কোনো সভা বা কার্যক্রম সম্পর্কে তাঁরা অবগত নন। সভার কোনো নোটিশও তাঁরা পাননি।
কমিটির সদস্য সাংবাদিক হাসানুজ্জামান বলেন, ‘গত আট বছরে কমিটির সভার কোনো চিঠি পাইনি। বর্তমানে কমিটির অস্তিত্ব আছে কি না, তাও জানি না। সভায় আমার স্বাক্ষর থাকলে সেটি জালিয়াতি। সাংবাদিক মাহবুব চাচা তো ২০১২ সালে মারা গেছেন—তিনি কীভাবে স্বাক্ষর করলেন? এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।’
ব্যাংক হিসাবের তথ্য অনুযায়ী, ২০১২ সাল থেকে প্রতিবছর সরকারি বরাদ্দ এলেও দীর্ঘ সময়ের অর্থ ব্যয়ের কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। হিসাব বিবরণীতে দেখা যায়, ২০২৩ সালের ২৬ মে ১ লাখ এবং ২০২৫ সালের ১৭ মে ৯০ হাজার টাকা জমা হয়েছে। ২০২৪ সালের ৩ জুলাই ৫২ হাজার, ২৮ আগস্ট ২ হাজার ৫০০ এবং ২০ এপ্রিল ৫০ হাজার—মোট তিন দফায় ১ লাখ ৪ হাজার ৫০০ টাকা উত্তোলন করা হয়েছে।
বর্তমানে হিসাবের স্থিতি প্রায় ১ লাখ ৬২ হাজার টাকা। কিন্তু ১৩ বছরে প্রায় ১৩ লাখ টাকার বরাদ্দ কোথায় খরচ হয়েছে? কোন রোগীর পেছনে কত টাকা ব্যয় হয়েছে বা কত টাকার ওষুধ দেওয়া হয়েছে—সে বিষয়ে সমাজসেবা অফিসে কোনো তথ্য পাওয়া যায়নি।
কদমগাছী গ্রামের গৃহবধূ সুলতানা জানান, সমাজসেবা অফিস থেকে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতা দেওয়া হয়—এটা জানেন। কিন্তু গরিব ও দুস্থ রোগীদের জন্য ওষুধ বা চিকিৎসা খরচ দেওয়া হয়, সে বিষয়ে কখনো জানতেন না। তাঁর প্রশ্ন, অফিস থেকে জানানো না হলে মানুষ কীভাবে জানবে এবং কীভাবে সেবা পাবে। সদর ইউনিয়নের আলেফা বেগম বলেন, ‘আমার প্রতিবন্ধী ছেলে রয়েছে। আমি কোনো ওষুধ বা চিকিৎসা সহায়তা পাইনি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে কমিটির বরাদ্দ থেকে প্রায় ৫২ হাজার টাকার স্যালাইন সরবরাহ করা হয়েছে। এর বাইরে আগের বছরগুলোতে বরাদ্দ থেকে কী ব্যয় হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কোনো তথ্য নেই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফারহানা বলেন, ‘স্যালাইন সরবরাহের তথ্য ছাড়া রোগীদের চিকিৎসা ব্যয়ের কোনো সহায়তার কথা আমরা জানি না। কোনো রোগীকে সরাসরি সহায়তা দেওয়ার বিষয়েও আমাদের কাছে তথ্য নেই। এ বিষয়ে সমাজসেবা অফিসই ভালো বলতে পারবে।’
জানতে চাইলে বদলগাছী সমাজসেবা অফিসের বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আল মামুন বলেন, ‘আমি গত মাসে অতিরিক্ত দায়িত্ব নিয়েছি। আগের বিষয়গুলো সম্পর্কে আমার জানা নেই। এখন থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে।’ তবে পূর্ববর্তী বরাদ্দের অর্থ কোথায় ব্যয় হয়েছে—এ প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।
তদন্তের আশ্বাস দিয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান সনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার কাছে কোনো তথ্য আসেনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।’

ফাল্গুন-চৈত্র এলেই যেন আগুনের ঋতু নেমে আসে গাজীপুরের শ্রীপুর রেঞ্জের অধীনে ভাওয়ালের সংরক্ষিত বনাঞ্চলে। বিস্তীর্ণ সবুজে দাউ দাউ করে জ্বলে ওঠে রহস্যময় আগুনে। প্রতিবছর গ্রাস করে শত শত একর বনভূমি। পুড়ে ছাই হয় শুধু গাছপালা নয়, হারিয়ে যায় বন্য প্রাণী...
১ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলগুলোতে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে ফেরার পথে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে কর্মস্থলমুখী যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অভিযোগ উঠেছে, গণপরিবহন ও জ্বালানি সংকটকে পুঁজি করে একশ্রেণির পরিবহনশ্রমিক ও সিন্ডিকেট যাত্রীদের...
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে হত্যা, হামলা ও সহিংসতার অভিযোগে আদালতে করা মামলাগুলোতে আসামি করা ব্যক্তিদের বড় অংশই তদন্তে নির্দোষ প্রমাণিত হচ্ছেন। এ পর্যন্ত তদন্ত শেষ হওয়া ৮২টি মামলার প্রায় ৬৩ শতাংশ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
ঈদ মৌসুমে জ্বালানি তেলের চাহিদা বেশি থাকলেও ডিলার ও পাম্প পর্যায়ে ২৫ শতাংশ জ্বালানি সরবরাহ কমিয়ে দিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি। এ কারণে এবার ঈদের আগে-পরে যানবাহনে জ্বালানি সংকট দেখা দিয়েছে বলে দাবি এই খাতসংশ্লিষ্টদের।
২ ঘণ্টা আগে