নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গাবতলী মোড়ে আল বারাকা পরিবহনের তিনটি বাস পাশাপাশি দাঁড় করানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ দুটি বাসে আগুন জ্বলে ওঠে।
স্থানীয়রা বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মিন্টু রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।









