
নওগাঁর ছোট যমুনা নদী এখন বালুখেকোদের করাল গ্রাসে পড়েছে। বদলগাছীর নালুকাবাড়ী ও মানপুর আশ্রয়ণ প্রকল্প-সংলগ্ন নদীর বুক চিরে দিনরাত চলছে বালু লুট। প্রভাবশালী চক্রের লাগামহীন এই তাণ্ডবে নদীভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। অবাধে বালু লুটের কারণে বর্ষা মৌসুমে যেকোনো মুহূর্তে নদীগর্ভে তলিয়ে যেতে পারে আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি, ফসলি জমিসহ শতাধিক পরিবারের স্বপ্ন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ছোট যমুনা নদীর নালুকাবাড়ী ও মানপুর আশ্রয়ণ প্রকল্পের দুই পয়েন্টে যেন বসেছে বালুর কালোবাজার। ট্রাক্টরের অবিরাম যাতায়াত চলছে। নদীর পাড়জুড়ে বালুর বিশাল স্তূপ।
ইতিমধ্যে নালুকাবাড়ী ও মানপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় দেখা দিয়েছে বড় বড় ফাটল। আতঙ্কে রাত কাটাচ্ছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী বিএনপি নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে চলছে এই অবৈধ বালু সাম্রাজ্য। প্রতিবাদ করলেই হুমকি-ধমকির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে।
শুধু আশ্রয়ণ প্রকল্পই নয়, হুমকির মুখে পড়েছে নদীর তীরবর্তী বিস্তীর্ণ ফসলি জমি।
স্থানীয় কৃষক হানিফ বলেন, ‘মিজান, দেলোয়ার, সুমন, হিরো নামের কয়েকজন ইসবপুর ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি নেতারা গত দেড় বছর ধরে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছেন। আমি বাধা দিয়েছিলাম। আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। পরে আমিসহ কয়েকজন ফসল রক্ষার জন্য কিছু জায়গা বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিয়েছি। সরকার ইজারা দেয়নি। তাঁরা ক্ষমতার জোড়ে এসব করছেন। বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে ইসবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হিরো বলেন, কে বা কারা বালু উত্তোলন করছেন, আমি জানি না। যাঁদের দেখেছেন তাঁরাই হয়তো বালু উত্তোলন কাজের সঙ্গে জড়িত। এ বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, ‘অবৈধ বালু উত্তোলন বন্ধে বেশ কয়েক দিন অভিযান পরিচালনা করা হয়। কিন্তু অভিযানের খবর পেয়ে কেউ ঘটনাস্থলে থাকে না। তবে কিছু জায়গায় বালুর স্তূপ রয়েছে। সেগুলো জব্দের ব্যবস্থা করা হচ্ছে।’
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাত আরা তিথি বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না।
বদলগাছী থানার ওসি মো রুহুল আমিন বলেন, বালু লুটের বিষয়ে গত ২৯ এপ্রিল থানায় একটি মামলা হয়েছে।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
১ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
২ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
২ ঘণ্টা আগে