Ajker Patrika

পর্যবেক্ষণাগার আছে, তথ্য নেই কৃষি আবহাওয়ার

• ২০১২ সালে সরকারি অর্থায়নে নওগাঁর বদলগাছীতে কার্যালয় প্রতিষ্ঠিত হয়।

• ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে ২২৫ হেক্টর জমির ধান ও সবজির ক্ষতি।

মো. মিঠু হাসান, বদলগাছী (নওগাঁ)
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৮: ৪০
পর্যবেক্ষণাগার আছে, তথ্য নেই কৃষি আবহাওয়ার

কৃষকদের আগাম আবহাওয়ার তথ্য জানিয়ে ফসল রক্ষায় সহায়তা করতে ২০১২ সালে সরকারি অর্থায়নে নওগাঁর বদলগাছীতে প্রতিষ্ঠিত হয় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার। এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও দুর্যোগকালে প্রতিষ্ঠানটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

কৃষকদের অভিযোগ, কার্যালয়টি অধিকাংশ সময় বন্ধ থাকে। আবহাওয়ার পূর্বাভাস কিংবা ফসল রক্ষায় করণীয় বিষয়ে নিয়মিত কোনো তথ্য তাঁরা পান না। এমনকি উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে উপজেলা কৃষি বিভাগ আবহাওয়া-সংক্রান্ত কোনো পূর্বাভাস পায়নি।

সম্প্রতি সরেজমিনে গিয়ে পর্যবেক্ষণাগারের মূল ফটক ভেতর থেকে তালাবদ্ধ পাওয়া যায়। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর একজন এসে ফটক খুলে দেন। তবে কার্যালয়ের ভেতরে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর নিজেকে উচ্চ পর্যবেক্ষক পরিচয় দেওয়া এক ব্যক্তি এসে বলেন, কার্যালয়ের স্যার ছুটিতে আছেন। তিনি কবে ফিরবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। পরে কার্যালয় থেকে পাওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বিস্তারিত কথা বলতে রাজি হননি। তিনি বলেন, ফোনে সব কথা বলা যাবে না। তবে কবে কার্যালয়ে এসে বক্তব্য দেবেন, সে বিষয়েও নির্দিষ্ট কোনো সময় জানাননি। কৃষকদের কাছে আবহাওয়ার পূর্বাভাস না পৌঁছানোর কারণ সম্পর্কেও তিনি কথা বলতে চাননি।

গত বৃহস্পতিবার বদলগাছী উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নিচু জমি।

সদরের কৃষক ছামছুল ও বাচ্চু বলেন, আবহাওয়ার পূর্বাভাস আগে থেকে কৃষি অফিস বা আবহাওয়া অফিস জানালে তাঁরা আলু ও পেঁয়াজের আবাদ কয়েক দিন পিছিয়ে দিতে পারতেন। এতে অন্তত কিছু ক্ষতি এড়ানো সম্ভব হতো।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রাকৃতিক দুর্যোগে প্রায় ২২৫ হেক্টর জমির ধান ও সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান বলেন, কৃষি বিভাগ মাঠপর্যায়ে কৃষকদের আবহাওয়ার বিষয়ে সতর্ক করেছে। তবে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে তাঁরা কোনো পূর্বাভাস পাননি।

এ ব্যাপারে জানতে গতকাল সন্ধ্যায় ঝড় সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, আগারগাঁও, ঢাকার উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. নূরুল করিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত