মান্দায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী দেওয়ানপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আফসার আলী।
অভিযোগে আফসার আলী বলেন, দোডাঙ্গী মৌজার ১০৬৬ নম্বর দাগে নুরুদ্দীন প্রামাণিক ও সামসুদ্দীন প্রামাণিকের মালিকানায় ৪ দশমিক ৪২৭ শতাংশ জমি রয়েছে। তবে তাঁরা প্রায় ৮ শতাংশ জমি ভোগদখল করছেন। এ নিয়ে নওগাঁ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আরেকটি মামলা চলমান রয়েছে।
মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করতে উভয় পক্ষের ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান আফসার আলী।
আফসার আলী আরও বলেন, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় গত বুধবার থেকে প্রতিপক্ষের লোকজন ওই জমিতে ইটের সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেন। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় গতকাল তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে নুরুদ্দীন প্রামাণিক বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে ওই সম্পত্তিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস ও ভোগদখল করে আসছেন। বসতবাড়ির নিরাপত্তার জন্য সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।









