Ajker Patrika

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ২১: ৫৮
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ছবি: আজকের পত্রিকা

নওগাঁর বেসরকারি ‘মেট্রো হাসপাতালে’ সিজারিয়ান অস্ত্রোপচারের সময় প্রসূতির পেটে গজ কাপড় রেখেই সেলাই করার অভিযোগে চিকিৎসকসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বুধবার দুপুরে নওগাঁ সদর ১ নম্বর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন অপারেশনকারী চিকিৎসক ফাবলিহা সাদিয়া শাফীন (২৯), অ্যানেসথেসিয়া প্রয়োগকারী চিকিৎসক মো. আখেরুজ্জামান রবি (৩৩), মেট্রো হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মো. রিপন আলী (৩৭), অপারেশন থিয়েটার ইনচার্জ মোসা. সালমা বিবি নাজমা (৩২), দালাল মো. রাশেদুল ইসলাম হিরু (৩৩) এবং মো. নাহিদ বাবু (২২)।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল নওগাঁ শহরের দক্ষিণ সুলতানপুর এলাকার বাসিন্দা প্রসূতি রাহী মুনী সন্তান প্রসবের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে যান। সেখানে এক দালাল ভালো সিজারিয়ান অপারেশনের কথা বলে তাঁকে ৮ হাজার টাকায় শহরের বেসরকারি ‘মেট্রো হাসপাতালে’ নিয়ে যান। ওই দিন রাতেই চিকিৎসক ফাবলিহা সাদিয়া শাফীন তাঁর সিজারিয়ান অস্ত্রোপচার করেন।

অস্ত্রোপচারের পর থেকেই রাহী মুনীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং তাঁর পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। অবস্থার আরও অবনতি হলে পরদিন হাসপাতাল কর্তৃপক্ষ দ্বিতীয়বার অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে গজ কাপড় বের করে। এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর নওগাঁর সিভিল সার্জন মেট্রো হাসপাতালটি পরিদর্শন করে এটি অনিবন্ধিত হাসপাতাল বলে নিশ্চিত করেন।

এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি গত ১৩ এপ্রিল আদালতের নজরে আসে। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

পিবিআই গত ২২ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এর ধারাবাহিকতায় আজ বুধবার আদালত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত