মুন্সিরহাট খাদ্যগুদাম

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট সরকারি খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে কৃষকদের পরিবর্তে সিন্ডিকেট থেকে ধান কেনার অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন অনলাইনে নিবন্ধন করেও ধান বিক্রি করতে না পারা প্রান্তিক কৃষকেরা।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, সিন্ডিকেট করে বহিরাগত ব্যবসায়ীদের কাছে ধান কিনেছে খাদ্য বিভাগ। এতে কৃষকেরা প্রয়োজনীয় শর্ত পূরণ করে ধান গুদামে নিয়েও বিক্রি করতে না পেরে ফেরত এনেছেন। তাঁদের দাবি, গুদামে ধান না দিতে পারায় তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর সরকারের কাছে ধান বিক্রি করতে মুন্সিরহাট খাদ্যগুদামের আওতায় ধোবাউড়া সদর, ঘোষগাঁও ও বাঘবেড় ইউনিয়নের ৬৯৬ কৃষক অনলাইনে নিবন্ধন করেন। গুদামে ধান কেনার বরাদ্দ পায় ৬১০ টন। ৩৬ টাকা কেজি দরে ধান নেওয়া ২৮ মে থেকে শুরু হয়ে শেষ হয় ২৮ জুন।
অভিযোগ রয়েছে, মুন্সিরহাট এলএসডি (লোকাল সাইলো ডিপো) গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বাইরের ধান ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে তাঁদের কাছ থেকে ধান কিনে নিজে মুনাফা লুটেছেন। অন্যদিকে তালিকাভুক্ত কৃষকেরা গুদামে একাধিকবার ধান বিক্রি করতে গেলে কেনা শেষ বলে জানিয়ে দেন।
বাঘবেড় ইউনিয়নের মান্দালিয়া এলাকার কৃষক গিয়াস উদ্দিন বলেন, ‘আমিসহ আমার পরিবারের পাঁচটি নাম তালিকায় রয়েছে। সরকারি গুদামে ধান বিক্রি শুরু হলে শর্ত পূরণ করে আমি ধান প্রস্তুত করে গুদামে যাওয়ার পর বলা হলো, কেনা শেষ; পরে আবার বরাদ্দ পেলে নেওয়া হবে। এদিকে দেখি রাতের আঁধারে গুদামে গাড়িভর্তি ধান যাচ্ছে অথচ আমাদের ধান নিচ্ছে না। পরে জানতে পারলাম, একটি প্রভাবশালী মহলের কাছ থেকে গুদামের কর্মকর্তারা ধান কিনছেন।’
মুন্সিরহাট এলাকার ওলি মাহমুদ বলেন, ‘আমরা ধান নিয়ে গেলে বলে, কেনা শেষ। অথচ প্রতিদিন রাতে ধান যায়, সেগুলো কি কিনে খাবে? আমরা তালিকাভুক্ত থাকা সত্ত্বেও ধান দিতে পারলাম না। অথচ ধান কেনা শেষ হয়ে গেল। তাহলে আমার বরাদ্দের ধান দিল কে? এই বিচার কে করবে?’
আরেক কৃষক শাহ আলম বলেন, ‘কয়েক দিন ধান নিয়ে আসলাম, এতে খরচও হলো। এই ঘটনার সঠিক তদন্ত করে বিচারের দাবি আশা করছি।’
এ বিষয়ে জানতে চাইলে সিন্ডিকেটের মাধ্যমে ধান সংগ্রহের অভিযোগ অস্বীকার করেন মুন্সিরহাট এলএসডি খাদ্যগুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘যাঁরা অনলাইনে আবেদন করেছেন, সবারই তালিকায় নাম আসায় বিড়ম্বনায় পড়তে হয়েছে। বরাদ্দের পরিমাণ কম ও কৃষক বেশি থাকায় যাঁরা আগে ধান নিয়ে আসছেন, তাঁদের কাছ থেকে ধান কেনা হয়েছে।’
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন বলেন, ‘এ বছর নিবন্ধিত কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে। যাঁরা আগে আসছেন, তাঁরা আগে ধান বিক্রি করতে পারবেন। মুন্সিরহাটের এ ঘটনা জানার পর খাদ্য কর্মকর্তাকে সরেজমিনে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি ধান কেনায় কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও কেউ অনিয়ম করলে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
৫ ঘণ্টা আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
৫ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
৬ ঘণ্টা আগে