
চা বিক্রেতা রাজার দোকানের সাজসজ্জা দেখেই যে কারও মনে হতে পারে কোনো রাজা-বাদশার প্রাসাদে চা পান করতে গিয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মেলায় এমনই এক চায়ের দোকান সাজিয়ে বসেছেন রাজা মিয়া। সামনেই সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন পিতলের তৈরি বিভিন্ন ডিজাইন ও আকারের কেটলি।
চারদিকে লোকজনের ভিড়, অগ্রিম টাকা পরিশোধ করে টোকেন হাতে অপেক্ষা করছেন চা পেতে। মেলা চলাকালে এমন দৃশ্যের দেখা এখানে সব সময়ই মিলছে। চা পান করতে আসছেন প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক শীর্ষস্থানীয় ব্যক্তিরাও। একবার চা পান করেই ভক্ত হয়ে উঠছেন রাজা মিয়ার চায়ের।
আজহার উদ্দিন ওরফে রাজা মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নওধার গ্রামের আলিম উদ্দিনের ছেলে। আজহার উদ্দিন লোক মুখে প্রচার পেয়ে হয়ে উঠেছেন রাজা মামা। ব্যতিক্রমী গোঁফ, চা বিক্রির অভিনব সব ধরনের জন্যই ভালোবেসে মানুষ তাঁকে রাজা মামা বলে ডাকতে শুরু করে।
রাজা মিয়া জানালেন, নিজ এলাকায় জাতীয় কবির স্মৃতিধন্য নজরুল জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এটাই তাঁর প্রথম চায়ের দোকান নিয়ে বসা। তবে ঢাকা বিমানবন্দর ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে তাঁর এমন আরও ১৮টি চায়ের দোকান রয়েছে। তাঁর মাসিক আয় ১ থেকে দেড় লাখ টাকা। তিনি আরও জানালেন, তাঁর দোকানে চা পান করতে বিভিন্ন মন্ত্রী, এমপি ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারাও আসেন এবং চা পান করে সন্তুষ্টি প্রকাশ করেন।
তবে চা বিক্রেতা আজহার উদ্দিনের আজকের রাজা হয়ে ওঠার পেছনে রয়েছে দুঃখ-কষ্টের জীবনকাহিনি। ত্রিশালের খেটে খাওয়া রাজাকে দমিয়ে রাখতে পারেনি কোনো প্রতিবন্ধকতাই। রাজা মিয়া জানান, তাঁর ১৮টি স্টলে এখন ৬৫ জন কর্মচারী কাজ করেন। তাদের প্রত্যেককে ১২ থেকে ২২ হাজার টাকা বেতন দিচ্ছেন তিনি। যে কি-না একদিন নিজেই কাজ খুঁজে ফিরেছেন, সেই রাজাই এখন চাকরি দিচ্ছেন বেকার যুবক-যুবতীদের।
রাজার প্রতিবেশী মামুন জানান, রাজার জীবনযুদ্ধ বেদনার পাশাপাশি যথেষ্ট অনুপ্রেরণার। রাজা একসময় বাসা-বাড়িতে কাজ করা থেকে শুরু করে ফেরি করে পান, সিগারেট, চকলেটও বিক্রি করেছেন। পাশাপাশি কিছুটা পড়াশোনাও করেছেন। এ অল্প আয় থেকেই তাঁর বাবা আলিম উদ্দিনকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। অন্যের বাড়িতে গরু দেখাশোনার পাশাপাশি চাষাবাদের কাজও করেছেন। একপর্যায়ে পরিচিত একজনের পরামর্শে ঢাকায় গিয়ে বড়ই বিক্রি শুরু করেন রাজা। তখন তাঁকে বিমানবন্দর এলাকার পাবলিক টয়লেটের ছাদেও রাত কাটাতে হয়েছে।
মামুন আরও জানান, রাজা বিদেশ গিয়ে বিভিন্ন দেশের শেফদের দেখে চা বানানোর কৌশল রপ্ত করে। একদিন রাজা হোটেল থেকে পালিয়ে বের হলে আবুধাবির পুলিশ তাঁকে ধরে দেশে পাঠিয়ে দেয়। দেশে ফিরে তিনি ঢাকার বিমানবন্দর এলাকায় চায়ের দোকান দেন। তারপর থেকেই তিনি একজন সফল উদ্যোক্তা। আমরা ত্রিশালবাসী তাঁকে নিয়ে গর্ব করি।
নজরুল মেলায় রাজা মিয়ার চা পান করে উচ্ছ্বাস প্রকাশ করে খলিলুর রহমান নামে একজন বলেন, ‘এ রকম মজার চা আমি আগে কখনো পান করিনি। সত্যি অসাধারণ চা বানান তিনি। আর ওনার চা বানিয়ে পরিবেশনের স্টাইলটা তো আরও অসাধারণ।’
জানা যায়, প্রথমে রাজা পাঁচ টাকায় চা বিক্রি করতেন। শুরুতে মাল্টা চা, কালিজিরা চা, তেঁতুল চা আর সাধারণ দুধ চা বিক্রি করতেন। পাশাপাশি আবুধাবিতে শেখা রেসিপি দিয়ে কিছু স্পেশাল চা বানাতে শুরু করেন। সেসব চা ক্রেতারা সানন্দে গ্রহণ করে, বিশেষ করে তাঁর কাজুবাদামের চা এবং ইন্ডিয়ান মাসালা চা জনপ্রিয় হয়। কাজুবাদামের চায়ের মধ্যে কাজুবাদাম, কাঠবাদাম, হরলিকস, ম্যাটকফি, ব্ল্যাক কফি, কিশমিশ, চিনি, গুঁড়া দুধ, কনডেনসড মিল্ক দেন। একইভাবে ইন্ডিয়ান মাসালা চা-ও বানান অনেক উপাদান দিয়ে। ইন্ডিয়ান মাসালা চা-তে তেজপাতা, এলাচি, লবঙ্গ, হরলিকস, গুঁড়া দুধ, কনডেনসড মিল্ক ও ম্যাটকফি ছড়িয়ে দেন।
রাজা প্রতি কাপ চায়ের দাম নিচ্ছেন ২০ থেকে ৫০ টাকা। ইরানি, জাফরানি, ইন্ডিয়ানসহ দেশ–বিদেশের ১৫২ প্রকারের চা বানিয়ে বিক্রি করেন তিনি।

চট্টগ্রাম মহানগর ও ১৫ উপজেলায় গত মার্চের মাঝামাঝি হামের প্রাদুর্ভাবের পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গ এবং এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৮০ জন। এর মধ্যে ৭ হাজার ৭৮৪ জন হাসপাতাল থেকে ডিসচার্জ হয়েছে। ২৯৬ জন এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ বিভাগের জেলা ও পাঁচ উপজেলা দপ্তর জনবলসংকটে ধুঁকছে। ছয়টি দপ্তরে মোট ৬৮টি পদের ৩৮টিই শূন্য। এ কারণে প্রশাসনিক কার্যক্রম এবং পশুচিকিৎসা, টিকাদান ও খামারিদের পরামর্শ দেওয়ার কাজ ব্যাহত হচ্ছে।
২ ঘণ্টা আগে
খরা কাটিয়ে ইলিশের দেখা মিলতে শুরু করেছে বরিশালের নদ-নদীতে। তাই কয়েক দিন ধরে দামও কিছুটা কম। তবে মা ইলিশ ধরা পড়ায় চিন্তিত মৎস্য অধিদপ্তর। এ মাসের শুরুর দিকে মৎস্য অধিদপ্তরের অধীনে দক্ষিণাঞ্চলে ইলিশের ওপর এক সমীক্ষায় বড় শঙ্কার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।
৩ ঘণ্টা আগে
মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তার বাদশাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে...
৩ ঘণ্টা আগে