Ajker Patrika

কিশোরগঞ্জ: যক্ষ্মা ও পোলিওর টিকা নেই, দিশেহারা অভিভাবক

  • পেন্টা ও পিসিভি টিকা এবং সিরিঞ্জের সংকটও চরমে।
  • সময়মতো টিকা না পেলে বাচ্চার ক্ষতি হয়ে যাবে: অভিভাবক
  • দ্রুত সরবরাহ নিশ্চিতের দাবি।
  • চলতি মাসের শেষ দিকে টিকাদান পরিস্থিতি স্বাভাবিক হবে: সিভিল সার্জন
সাজন আহম্মেদ পাপন, কিশোরগঞ্জ 
কিশোরগঞ্জ: যক্ষ্মা ও পোলিওর টিকা নেই, দিশেহারা অভিভাবক
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে ৫ মাস ধরে যক্ষ্মা প্রতিরোধের বিসিজি ও ওপিভির (পোলিও) টিকা মিলছে না; পাশাপাশি পেন্টা ও পিসিভি টিকারও সংকট রয়েছে। হামজনিত শিশুমৃত্যুর ঘটনায় যখন দেশজুড়ে উদ্বেগ বাড়ছে, তখন এসব টিকা না পেয়ে অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন অভিভাবকেরা। তাঁরা দ্রুত সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন।

স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জেলায় প্রায় ১ লাখ শিশু নিয়মিত টিকাদানের আওতাভুক্ত হলেও দীর্ঘদিনের এই ঘাটতিতে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে হাজার হাজার নবজাতক। ৫ মাস ধরে জেলায় বিসিজি ও ওপিভি টিকা নেই। ১৫ দিন ধরে পুরোপুরি বন্ধ রয়েছে পেন্টা ও পিসিভি টিকা। এ ছাড়া সিরিঞ্জের সংকটও চরমে।

তবে আইপিভি এবং হামের টিকা চাহিদামতো রয়েছে। জেলার স্থায়ী ও অস্থায়ী টিকাকেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, শত শত শিশু টিকা না পেয়ে ফিরে যাচ্ছে। স্বাস্থ্যকর্মীরা ‘কয়েক দিন পর খোঁজ নেওয়ার’ আশ্বাস দিচ্ছেন।

সূত্র জানায়, ৩ মাস ধরে বিসিজি টিকার কোনো সিরিঞ্জই নেই। দীর্ঘদিন পর গত রোববার জেলায় মাত্র ১৫ হাজার ডোজ পেন্টা ও ওপিভি টিকা এসেছে। চাহিদার তুলনায় এই বরাদ্দ খুব অপ্রতুল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

টিকা না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন প্রত্যন্ত এলাকা থেকে আসা অভিভাবকেরা। সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বাসিন্দা ডালিম জানান, তিনি প্রথমে পাঠানকান্দি টিকাকেন্দ্রে গিয়ে ব্যর্থ হন, পরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে এসেও টিকা পাননি। হাসপাতাল থেকে বলা হয়েছে দু-চার দিন পর আবার খোঁজ নিতে।

জেলা শহরের গাইটাল শ্রীধরখিলা এলাকার বাসিন্দা মাহজাবিন তাবাসসুম বলেন, ‘কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও মাতৃসদনে দেড় মাস বয়স থেকে ৫ মাস বয়সের শিশুদের জন্য কোনো টিকা নেই। এর মধ্যে সদর হাসপাতালে ছুটির দিন বাদে প্রতিদিন টিকা দেওয়ার কথা। আর মাতৃসদনে শুধু সপ্তাহে এক দিন সোমবার টিকা দেওয়ার কথা। কিন্তু কোথাও কোনো টিকা নেই? গত সপ্তাহেও ছিল না। এক সপ্তাহ অপেক্ষার পরও টিকা আসেনি।’

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের টিকাকেন্দ্রে ৪ মাস বয়সী সন্তানকে নিয়ে আসা মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নিজেদের কেন্দ্রে টিকা পাইনি। এর আগেও দুবার আইসা ঘুরে গেছি। সরকারি হাসপাতালে যদি সময়মতো টিকা না পাওয়া যায়, তবে আমরা গরিব মানুষেরা কই যাব? টিকার নাকি একটা নির্দিষ্ট বয়স থাকে, সেই বয়স পার হয়ে গেলে তো বাচ্চার ক্ষতি হয়ে যাবে।’

একই কেন্দ্রে কান্নাকাটি করছিলেন যশোদল ইউনিয়ন থেকে আসা এক মাস বয়সী নবজাতকের মা রাবেয়া আক্তার। তিনি বলেন, ‘বাচ্চার জন্মের পর এখনো বিসিজি (যক্ষ্মা) টিকাই দিতে পারলাম না। ৫ মাস ধরে এই টিকা নাই শুনছি। ডাক্তাররা বলে, জন্মের পরপরই এই টিকা দেওয়া জরুরি। এখন তিন মাস ধরে নাকি সিরিঞ্জই নাই! সরকারি হাসপাতালে সিরিঞ্জ থাকবে না কেন? মনে সারাক্ষণ ভয় কাজ করে, কখন জানি বাচ্চা কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ে।’

নাম প্রকাশ না করার শর্তে জেলার কয়েকজন স্বাস্থ্য সহকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুরো জেলার জন্য যে সামান্য পরিমাণ (১৫ হাজার ডোজ) টিকা এসেছে, তা টিকাকেন্দ্র অনুযায়ী ভাগ করলে গড়ে মাত্র ৫ থেকে ১০টি করে পড়ে।’

স্বাস্থ্য সহকারীরা বলেন, এই সামান্য টিকা প্রভাবশালীরা কোনো না কোনোভাবে ক্ষমতা দেখিয়ে টিকা ম্যানেজ করে ফেলবেন। কিন্তু গরিব মানুষ কী করবে? আমরা চাই গরিবের বাচ্চাদের টিকা দিতে, কিন্তু পরিস্থিতির কারণে আমরা অসহায়।’

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জে বর্তমানে ২৬টি স্থায়ী টিকাকেন্দ্র এবং ২ হাজার ৭১১টি অস্থায়ী টিকাকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে প্রতিদিন শত শত শিশুর টিকার চাহিদা থাকে। কিন্তু দীর্ঘদিনের এই টিকা-সংকটের কারণে জেলার হাজার হাজার শিশুর স্বাস্থ্য সুরক্ষা এখন মারাত্মক ঝুঁকির মুখে।

সিভিল সার্জন অভিজিৎ শর্মা জানান, কিশোরগঞ্জে শিশুদের বেশ কিছু টিকার সংকট থাকলেও নতুন করে প্রায় ১৫ হাজার ডোজ টিকা এসেছে। চলতি সপ্তাহেই সব উপজেলায় টিকা পাঠানো হবে। চলতি মাসের মধ্যে বিসিজি টিকা দেওয়ার সিরিঞ্জ চলে আসবে এবং মাসের শেষের দিকে জেলার সার্বিক টিকাদান পরিস্থিতি স্বাভাবিক হবে।

স্বাস্থ্য সহকারী বিসিজি টিকার সংকটের কথা বললেও সিভিল সার্জন জানান, টিকার সংকট নেই। সিরিঞ্জের সংকট রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাতে বন্ধুদের সঙ্গে আড্ডায় দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

সফল ব্যক্তিদের জীবনের দশটি অভ্যাস

পাকিস্তানের বিপক্ষে মুশফিক আজ যা করলেন, তা বাংলাদেশের আর কেউ পারেননি

রাজধানীতে পরকীয়ার জেরে লাশ খণ্ডবিখণ্ড, মা-মেয়ে গ্রেপ্তার: র‍্যাব

অফিসকে বাসা বানিয়ে থাকছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৮ কর্মকর্তা-কর্মচারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত