ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের দুই উপজেলা প্লাবিত হয়েছে। ঝিনাইগাতী উপজেলার মহারশি ও নালিতাবাড়ী উপজেলার ভোগাই এবং চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর বাঁধ ভেঙে ও পাড় উপচে দুই উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে বেশ কিছু বাড়ি-ঘর। দুর্ভোগে রয়েছেন পানিবন্দীরা।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত থেকে শেরপুরে টানা বৃষ্টি হচ্ছে। সঙ্গে ভারত থেকে নেমে আসছে পাহাড়ি ঢল। আজ শুক্রবার ভোর থেকেই পানি বাড়তে থাকে। ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া ও খৈলকুড়া ব্রিজপাড় এলাকায় মহারশি নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। প্লাবিত হয় সদর উপজেলার বাজারসহ নিম্নাঞ্চল। বেশ কিছু বাড়িঘর পানিতে ভেসেও গেছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য মতে, নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৫২৫ সেন্টিমিটার ওপর দিয়ে ও ভোগাই নদীর পানি বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে ঝিনাইগাতীর মহারশি নদীর অন্তত পাঁচ জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। প্রতি বছর পাহাড়ি ঢলে ঝিনাইগাতী প্লাবিত হয়। চলতি বছর দুই দফায় ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হলো উপজেলাবাসী।
ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ব্যবসায়ী আকবর হোসেন বলেন, প্রতি বছরই পাহাড়ি ঢলের পানিতে তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান ডুবে ক্ষতিগ্রস্ত হন। মহারশি নদীর বাঁধ দুর্বল হওয়ায় তা ভেঙে বাজারসহ নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে। দ্রুত এই নদীতে বেড়িবাঁধ চান তাঁরা।
ওই বাজারের আরেক ব্যবসায়ী মো. আবু বকর বলেন, আমাদের দোকানপাটে পানি উঠেছে। অনেক ব্যবসায়ীর ক্ষতি হয়েছে। প্রতি বছরই নদীর বাঁধ ভাঙে আর আমাদের ক্ষতি হয়। কেউ এদিকে দেখে না। নদীর স্থায়ী বাঁধ চাই আমরা।
স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী বলেন, ‘এর আগে এ রকম পানি দেখি নাই। আমাদের বাড়ি-ঘরে পানি। রান্না করতে পারছি না। রাস্তায় পানি ওঠায় চলাচলও করতে পারছি না। খুব কষ্টে আছি।’
এদিকে আমন ধানের খেত ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। কৃষক ফজলু মিয়া বলেন, ‘আমাদের সব ফসল পানির নিচে। এই ধান এহন খাইয়া গেলেগা আমরা বাঁচমু কেমনে।’
ঝিনাইগাতী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলমান পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ঝিনাইগাতী উপজেলার অন্তত সাড়ে চার হাজার হেক্টর জমির ফসল পুরোপুরি এবং পাঁচ হাজার হেক্টর জমির ফসল আংশিক নিমজ্জিত হয়েছে। ঢল অব্যাহত থাকলে জেলার আমন আবাদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
ঝিনাইগাতী উপজেলার কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার বলেন, এ বছর ঝিনাইগাতীতে সাড়ে ১৪ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৪ হাজার হেক্টর জমি সম্পূর্ণ ও সাড়ে ৫ হাজার হেক্টর জমির ধানের আবাদ আংশিক তলিয়েছে। দ্রুত পানি নেমে না গেলে অনেক ক্ষতি হবে।
এদিকে ঢলের পানিতে নালিতাবাড়ী পৌর শহরের নিম্নাঞ্চল, শিমুলতলা, ঘাকপাড়া, মন্ডলিয়াপাড়া ভজপাড়া ও সন্নাসীভিটা, বাতকুচি এলাকায় ভোগাই এবং চেল্লাখালীর বাঁধ ভেঙেছে। নদীর পানিতে তলিয়ে গেছে শেরপুর-নালিতাবাড়ী ভায়া গাজীরখামার সড়ক।
রাস্তা, ব্রিজ ও কালভার্ট পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। বাড়ি-ঘরে পানি ওঠায় রান্না করতে পারছেন না। দেখা দিয়েছে খাদ্য সংকট।
মহারশি নদীতে একটি স্থায়ী বাঁধ নির্মাণে ফিজিবিলিটি প্রস্তাবনা ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন, জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান। তিনি বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ভাঙনকবলিত বাঁধ মেরামতের কাজ দ্রুত কাজ শুরু হবে। আর বাঁধের স্থায়ী সমাধানের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান বলেন, শেরপুরে পাহাড়ি ঢলে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দুই উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। আটকে পড়া মানুষদের উদ্ধারে নৌকা নিয়ে আসা হচ্ছে। বন্যাকবলিতদের জন্য শুকনো খাবার রেডি করা হচ্ছে। রাতের মধ্যেই সেগুলো পৌঁছে দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহিদুল্লাহ্ হলে সাবেক শিক্ষার্থী দম্পতি হেনস্তার প্রতিবাদে তিন দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি দিয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীবৃন্দ’। আজ রোববার সকাল ১১টায় প্রক্টর অফিসে স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন তাঁরা।
৩৫ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকার মমতাজ আলীর মেয়ে শ্রাবন্তী আক্তারের বিয়ে হয় হুমায়ূন আহমেদের সঙ্গে। বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে কলহ চলছিল।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় ৫ ঘণ্টা ধরে চলছে ১৬ গ্রামবাসীর সংঘর্ষ। এতে পুলিশ সদস্য, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পাশাপাশি ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর-ভাঙ্গা অংশে যান চলাচল বন্ধ হয়ে পড়ছে। পুলিশ বলছে, মহাসড়কের দুই পাশে ৪ কিলোমিটারজুড়ে যানজটে
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে ফুটবলপ্রেমীদের নিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। রোববার সকাল ৯টায় দুর্গাপুর সাংবাদিক সমিতি কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে ফুটবলপ্রেমীরা শপথ গ্রহণের পাশাপাশি প্রতীকীভাবে মাদককে ‘লাল
২ ঘণ্টা আগে