
মো. ইকবাল হোসেন। বয়স পঞ্চাশের কাছাকাছি। ২২ বছর সৌদি আরবে ছিলেন। ১১ বছর আগে তাঁর বড় ভাই জিল্লুর রহমান ভান্ডারিকে প্রকাশ্যে খুন করে সন্ত্রাসীরা। ভাই হত্যার বিচার চাইতে গিয়ে সন্ত্রাসীদের রোষানলে পড়েন ইকবাল। গত ৩১ জানুয়ারি তিনি সৌদি আরব থেকে ফেরেন সংসদ নির্বাচনে ভোট দিতে। কিন্তু একটি পক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে তাঁকে ঘায়েলে নেমে পড়ে। সম্প্রতি ইকবাল অভিযোগ করেন, ৩০ লাখ টাকার বিনিময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি জং ধরা বন্দুক দিয়ে তাঁকে ফাঁসিয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের সহসভাপতি মো. ইকবাল হোসেনকে গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর শুনে তাঁর বৃদ্ধ মা স্ট্রোকে মারা গেছেন। অভিযানের তিন দিন আগে পুলিশের করা সাধারণ ডায়েরি (জিডি), অভিযান, জং ধরা বন্দুক ও মামলা—সবকিছুই গোঁজামিলে ভরা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে সবকিছু আগেই ছক করা ছিল বলে দাবি ইকবালের।
অভিযান, ইকবালকে গ্রেপ্তার, বন্দুক জব্দ এবং মামলার বিষয়ে আজকের পত্রিকার অনুসন্ধানেও তথ্যের সামঞ্জস্যহীনতার বিষয়টি সামনে এসেছে।
জিডি ও অভিযান
ইকবালকে গ্রেপ্তার করতে অভিযানের তিন দিন আগেই রাঙ্গুনিয়া থানা-পুলিশ জিডি করে। গত ৮ ফেব্রুয়ারি করা ওই জিডির নম্বর-৩৪৭। ১০ ফেব্রুয়ারি অভিযানের আগে রাত ১০টা ১৪ মিনিটে (কললিস্ট অনুযায়ী) থানার সহকারী উপপরিদর্শক (এসআই) কিংকর দাশ ইকবালকে ফোন করেন। ওই সময় ইকবাল ঘুমাচ্ছিলেন। এভাবে কৌশলে ইকবালের বাড়িতে থাকার বিষয়টি পুলিশ নিশ্চিত হয়।
এজাহারের বিবরণ অনুযায়ী, রাঙ্গুনিয়া থানা-পুলিশ ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা ৩০ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী অপর একটি বাহিনীর টহল দলের মাধ্যমে জানতে পারে, ইকবাল বাড়িতে রয়েছেন। সেই রাত ৩টা ১০ মিনিটে তাঁর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। ইকবালের দেখানো মতে, পাশের পরিত্যক্ত ঘরের পেছন থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করার কথা জানান বাদী। পুলিশ জব্দ তালিকা প্রস্তুত করে রাত ৩টা ৩০ মিনিটে। থানায় এজাহার দায়ের দেখানো হয় রাত ৪টা ২০ মিনিটে। বন্দুকটি পরদিন সংসদ নির্বাচনে অপরাধ কর্মকাণ্ডে ব্যবহার করতে রাখা হয়েছিল বলেও এজাহারে উল্লেখ করেন বাদী উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসাইন।
অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান-সংক্রান্ত প্রতিবেদনে রাঙ্গুনিয়ার ইসলামপুরের সাহাবনগর এলাকায় অভিযান চালিয়ে ইকবালকে একনলা বন্দুকসহ আটকের তথ্য দেওয়া হয়। সেখানে অভিযানের সময় উল্লেখ রয়েছে রাত ২টা ৪০ মিনিট থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত। ভোর ৫টায় তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এজাহার ও প্রতিবেদনে দুই ধরনের বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে।
থানা ঘেরাও এবং বিক্ষোভ
ইকবালকে আটকের পর স্থানীয় নারী-পুরুষ মূল সড়কে ও থানার সামনে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি বেগতিক দেখে রাউজান থানার ওসি (সম্প্রতি বদলি) মো. আরমান হোসেন তাঁকে চট্টগ্রাম (শহরে) আদালতে পাঠিয়ে দেন। এই বিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য সেকান্দার হোসেন জানান, এই ধরনের অন্যায় মানা যায় না। তাই স্থানীয়রা বিক্ষোভ করেছেন।
প্রধানমন্ত্রীর দপ্তরে নালিশ
হয়রানি-গ্রেপ্তারের প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ সদর দপ্তর, ডিআইজি (চট্টগ্রাম) ও চট্টগ্রামের এসপির কাছে সম্প্রতি নালিশ দিয়েছেন ইকবাল হোসেন। ঘটনা স্থানীয় সংসদ সদস্য (এমপি) হুমাম কাদের চৌধুরীকেও সরাসরি জানিয়েছেন তিনি। নালিশে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁকে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছেন তিনি।
দুই প্রতিবেদনে দুই তথ্য
আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনীর প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযান চলে রাত ২টা ৪০ মিনিট থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত। ভোর ৫টায় আসামিকে থানায় হস্তান্তর করা হয়। থানা-পুলিশের এজাহারে বলা হয়, রাত ২টা ৩০ মিনিটে তারা অস্ত্রধারীর সংবাদ পায়। ৩টা ১০ মিনিটে অভিযান চালায়। আর ৩টা ৩০ মিনিটে জব্দ তালিকা করা হয়।
আসামি ইকবাল এবং এলাকার লোকজন বলছেন, ইকবালকে থানায় আনা হয়েছে সকাল সাড়ে ৭টার দিকে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, অভিযান শেষ করার আগেই মামলা হয়েছে। এত গোঁজামিল কেন—প্রশ্ন করলে বাদী এসআই মো. ইমরান হোসাইন বলেন, প্রতিবেদন ঠিক বলছে, নাকি এজাহার ঠিক বলছে, সেটা তদন্তের বিষয়।

পেছনে কারা
২০১৫ সালে প্রকাশ্যে ওই প্রবাসীর বড় ভাই জিল্লুর রহমানকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করে বলে অভিযোগ। এই ঘটনায় হত্যা মামলা করেন তিনি। বিচারে দুই আসামির মৃত্যুদণ্ড এবং বাকি ৬ আসামির যাবজ্জীবন সাজা হয়। ইকবালের অভিযোগ, ওই আসামি এবং তাদের ঘনিষ্ঠরা মোটা অঙ্কের (৩০ লাখ) টাকা দিয়ে তাঁকে (ইকবাল) ফাঁসিয়েছে। ক্ষোভের সঙ্গে ইকবাল বলেন, পুলিশ চাইলে সব পারে।
অভিযানের দিন সরেজমিনে দেখা গেছে, অস্ত্রের গোড়ার কাঠের বাঁটটি ভাঙা, ট্রিগারের নিচের অংশে লাল টেপ দিয়ে মোড়ানো এবং ট্রিগারও ভাঙা। এ ছাড়া পুরো অস্ত্রটি জং ধরা।
ওসি, তদন্ত কর্মকর্তা ও বাদী যা বলেন
রাঙ্গুনিয়া থানার তখনকার ওসি মো. আরমান হোসেনের কাছে অভিযান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালিত হয়েছে। ৩০ লাখ টাকা ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে ওই প্রবাসীকে ফাঁসানোর অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ৩০ লাখ টাকা কারা নিয়েছে জানা নেই। জং ধরা অকেজো বন্দুক দিয়ে কীভাবে ভোটে অপরাধ সংঘটিত হতো—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তদন্তে সত্য বেরিয়ে আসবে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহফুজের রহমান বলেন, ‘মামলাটি তদন্ত করে যেটা পাওয়া যাবে, সেটা উপস্থাপন করা হবে।’ অভিযানের তিন দিন আগে থানায় জিডি, অভিযান শেষ হওয়ার আগেই মামলা এবং অস্ত্র জং ধরা—এত সব গোঁজামিলের একটি মামলার তদন্ত কীভাবে করছেন জানতে চাইলে তিনি ফোন রেখে দেন।
মামলার বাদী এসআই মো. ইমরান হোসাইন বলেন, ঘটনার তদন্ত করছেন তদন্ত কর্মকর্তা। জং ধরা ওই অস্ত্র দিয়ে ইকবাল কীভাবে ভোটের দিন অপরাধ সংঘটিত করতেন, জানতে চাইলে বাদী এসআই মো. ইমরান হোসাইন বলেন, অস্ত্রটি সচল না অচল, তার রিপোর্ট এখনো আসেনি। আর এই ঘটনায় কোনো টাকা লেনদেন হয়েছে কি না জানি না।
এ বিষয়ে ইকবাল বলেন, ‘রাত ৩টা ৩০ মিনিটে তল্লাশি চালায় প্রায় ৩০ মিনিট। এরপর অভিযান দল বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার পর সকাল সাড়ে ৭টার দিকে তাঁকে থানায় আনে। এর আগে রাশখালী নদীর পাড়, কাউখালীর বগাবিলি ব্রিজ, দক্ষিণ রাজানগরের রাজারহাট ও থানায় আমাকে অস্ত্রটি হাতে নেওয়ার জন্য ক্রসফায়ারেরও হুমকি দেওয়া হয়।’
জব্দ তালিকার সাক্ষী
পুলিশের রিকুইজিশন করা মাইক্রোবাসের চালক মো. ইয়াসিন আরাফাত মুরাদ অভিযান ও অস্ত্র সম্পর্কে বলেন, ‘অস্ত্র আমি চোখে দেখিনি। পুলিশ আমাকে বলায় স্বাক্ষর করেছি। আসামির নাম কী জানি না।’ আসামি ইকবালের ভাই জব্দ তালিকার সাক্ষী মো. নিজাম উদ্দিন বলেন, ‘আমার ভাইয়ের বিরুদ্ধে মামলা। অথচ আমাকে করা হলো জব্দ তালিকার সাক্ষী। সাক্ষী হওয়ার জন্য পুলিশ আমাকে বারবার অনুরোধ করে।’
জব্দ তালিকা প্রস্তুতকারী এসআই মো. ইমরান হোসাইনকে প্রশ্ন করা হলে তিনি উত্তরহীন থাকেন।
মা ও চাকরি—দুটোই গেল
অভিযানের সময় ইকবালকে পুলিশের মারধর দেখে স্ট্রোক হয় তাঁর মায়ের। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ঘটনার ১০ দিন পর তিনি মারা যান। ওই সময় কারাগারে থাকা ইকবাল প্যারোল নিয়ে জানাজায় হাজির হন। গত ৬ এপ্রিল তিনি কারাগার থেকে মুক্ত হন। এই ঘটনায় বিদেশে তাঁর চাকরিও চলে যায়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
১ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
২ ঘণ্টা আগে
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া (কালীগঞ্জ) ঘাটের ইজারাদার দ্রব্যমূল্য বৃদ্ধির দোহাই দিয়ে লঞ্চ ভেড়ানোর (বার্দিং) ফি এক লাফে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। এ নিয়ে কয়েক দিন ধরে ঢাকা-কালীগঞ্জ-ইলিশা (ভোলা) নৌপথের এই ঘাটে লঞ্চমালিক ও ইজারাদারের প্রতিনিধিদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে