
‘যে ভাইকে বাবার স্নেহ দিয়ে বড় করেছি; সে-ই আমার সন্তানকে হত্যা করল! সেটা বিশ্বাস করতে পারছি না। আমার সন্তানকে না মেরে আমাকে মারত, তার কী এমন দোষ ছিল? শুধু কী আমার ছেলেই তোর মেয়েকে ভালোবেসেছে, তোর মেয়ে কী ভালোবাসে নাই। যদি তোর মেয়ে ভালো না-ই বাসত, তাহলে ময়মনসিংহ থেকে ঢাকায় গিয়ে কেন আমার ছেলেকে বিয়ে করল?’ এসব কথা বলতে বলতে গতকাল রোববার রাতে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার একটি কক্ষে বারবার মূর্ছা যাচ্ছিলেন নিহত ওমর ফারুক সৌরভের (২৪) বাবা ইউসুফ আলী।
উল্লেখ্য, গতকাল রোববার সকালে ময়মনসিংহ সদর উপজেলার মনতলা সেতুর নিচ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক সৌরভের চার খণ্ড করা মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওমর ফারুক সৌরভের বাবা ইউসুফ আলী আরও বলেন, ‘ইলিয়াস আলী আমার ছোট ভাই; আর ভাইদের মধ্যে তাকেই আমি বাবার স্নেহ দিয়ে বড় করেছি। আজকে আমার ছেলেকে চার খণ্ড করে হত্যা করে প্রতিদান দিয়েছে। চার-পাঁচ বছর ইশরাত জাহান ইভার সঙ্গে প্রেমের পর গত ১২ মে তাকে বিয়ে করে। সে বিয়ে আমিও মেনে নেইনি; কিন্তু ছেলে-মেয়েরা তো ভুল করতেই পারে। বিয়ের পরপরই ইলিয়াস বিভিন্ন সময়ে আমাদের কল করে হত্যার হুমকি দিয়েছে।’
তিনি বলেন, ‘১৬ মে নিজের মেয়েকে কানাডায় পাঠিয়ে দিয়ে সৌরভকে হত্যার ছক আঁকে। এরই অংশ হিসেবে শনিবার সৌরভকে কৌশলে ডেকে ময়মনসিংহে আনে, সৌরভ আমাদের কিছু না বলেই চলে আসে। পরে ওই দিন রাতে শুনতে পাই সে ময়মনসিংহে। কিন্তু রাত ১১টার পর যখন সৌরভের মোবাইল বন্ধ পাই, তখন থেকেই চিন্তা হচ্ছিল। পরে সকালে শুনি মনতলা ব্রিজের নিচে সৌরভের চার খণ্ড মরদেহ পাওয়া গেছে; কেন আমার ছেলেটাকে এভাবে হত্যা করল?
শুধু ইউসুফ আলী নয়, একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ তাঁর মা মাহমুদা আক্তার পারুল যেন কোনো কথাই বলতে পারছিলেন না।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ভালোবেসে চাচাতো বোনকে বিয়ে করাই আমার ছেলের কাল হয়েছে। কিন্তু আমরা কোনো দিন ভাবিনি যে আপন চাচা তার ভাতিজাকে এভাবে হত্যা করবে। এক ছেলে ও এক মেয়েকে নিয়েই আমার সাজানো সংসার ছিল। ইলিয়াস সবকিছু এলোমেলো করে দিল।’
সৌরভের সহপাঠী রবি সান বলেন, ‘সৌরভ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একজন মেধাবী শিক্ষার্থী। আমাদের চলাফেরা সব সময় একসঙ্গে ছিল। সৌরভ-ইভার প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিনের; কয়েক দিন আগে তারা বিয়েও করে। শনিবার সে ময়মনসিংহ এসেছে আমি তা জানতাম, কিন্তু ওই দিন রাত ১১টার পর থেকে তার মোবাইল বন্ধ ছিল। পরে সকালে শুনি সৌরভকে হত্যা করা হয়েছে; আসলে এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা হত্যাকারীর বিচার চাই।’
এদিকে এ ঘটনায় রোববার রাতে অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় নিহতের বাবা ইউসুফ আলী একটি হত্যা মামলা দায়ের করেছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ‘বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পারিবারিক বিরোধের কারণেই সৌরভ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’
এদিকে নিহত ওমর ফারুক সৌরভের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছে ইলিয়াস আলীর পুরো পরিবার।
ইলিয়াস আলী ময়মনসিংহ নগরীর গোহাইলকান্দিতে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি সেনবাহিনীর নায়েক পদে থাকা অবস্থায় অবসরে যান। আর ইউসুফ আলী পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তিনি ডাক বিভাগে কর্মরত রয়েছেন। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারাটি এলাকায়।
আরও খবর পড়ুন:

চট্টগ্রামের ফটিকছড়ি থানা এলাকায় গাছ, বাঁশ, বালু কিংবা মাটি পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। এই চাঁদার কারবার চলে থানার ওসির নামে। প্রতি মাসে আদায় হয় ৪ থেকে ৫ লাখ টাকা। এর মধ্যে ২ লাখ টাকা যায় ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ সেলিমের পকেটে। চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করেছেন...
২ ঘণ্টা আগে
রিক্রুটিং এজেন্সি জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল অটোরিকশাচালক মোহাম্মদ সোনা মিয়াকে কিরগিজস্তানে চাকরি দেওয়ার কথা বলে ২০২৪ সালে ৫ লাখ টাকা নিয়েছিল। সোনা মিয়াকে ৬০-৬৫ হাজার টাকা বেতনে কার ওয়াশের (গাড়ি ধোয়া) কাজ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু বিমানবন্দরে গিয়ে তিনি জানতে পারেন, সব কাগজপত্রই জাল।
২ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ছয় ঘণ্টা পর মাদ্রাসার পুকুর থেকে মারুফ হাসান (১০) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসার পুকুরের নতুন ঘাটলার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে চার্জ লাইট জ্বালিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েছে দুটি গ্রাম। শনিবার (৪ এপ্রিল) রাত রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। এতে বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুরের...
৫ ঘণ্টা আগে