Ajker Patrika

কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজ

ইসলাম ডেস্ক
কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজ

দায়িত্ববোধ মানুষের ব্যক্তিত্বের অন্যতম সুন্দর ও আকর্ষণীয় গুণ। দায়িত্বসচেতন মানুষ সব জায়গায় সমাদৃত হন, পক্ষান্তরে ফাঁকিবাজ ও অসচেতন লোকদের কেউ পছন্দ করে না। একজন মুমিনের জীবনে কর্মস্থলের দায়িত্ব পালন অত্যন্ত পবিত্র আমানত। এই অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমেই কেবল উপার্জন হালাল হতে পারে। আর হালাল উপার্জন করা ফরজ ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত।

হালাল উপার্জনের গুরুত্ব: ইসলামে হালাল উপার্জনকে অন্যান্য ফরজ আদায়ের পর আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এ ছাড়া রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিজ হাতে উপার্জিত খাদ্যই সর্বোত্তম।’ (সুনানে বায়হাকি)। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নামাজ শেষে জমিনে ছড়িয়ে পড়ে তাঁর অনুগ্রহ বা রিজিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। (সুরা জুমুআ: ১০)

কর্মস্থলে ফাঁকি ও আমানতের খেয়ানত: কর্মস্থলের দায়িত্ব একটি বড় আমানত। অর্পিত দায়িত্ব পালনে অবহেলা, অমনোযোগ বা ফাঁকি দেওয়া মানেই আমানতের খেয়ানত করা। নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া কিংবা কাজে ফাঁকিবাজি করা একধরনের প্রতারণা। রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন, দায়িত্বে অবহেলা বা সামান্য খেয়ানত করলেও কেয়ামতের মাঠে তাকে চুরির বোঝা মাথায় নিয়ে উঠতে হবে। (মিশকাতুল মাসাবিহ)। পুরো সময় সততার সঙ্গে কাজ না করলে উপার্জিত বেতনও সম্পূর্ণরূপে হালাল হয় না।

হালাল রিজিক ইবাদত কবুলের পূর্বশর্ত: হারাম উপার্জনের ভয়াবহতা অত্যন্ত মারাত্মক। হাদিসে এসেছে, হারাম পন্থায় অর্জিত সম্পদ থেকে দান-খয়রাত করলেও তা আল্লাহর দরবারে কবুল হয় না এবং তাতে কোনো বরকত থাকে না। হারাম উপার্জনের কারণে মানুষের দীর্ঘ সফর, দোয়া ও ইবাদত-বন্দেগি আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত হয়।

অপরদিকে, শ্রমিক বা অধীনস্থদের অধিকার রক্ষায় ইসলাম অত্যন্ত কঠোর নির্দেশনা দিয়েছে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পারিশ্রমিক পরিশোধ করার তাগিদ দেওয়া হয়েছে। (সুনানে ইবনে মাজাহ)

নিজ ও পরিবারের জন্য হালাল রিজিক অন্বেষণ করা এবং কর্মস্থলে পূর্ণ দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার মাধ্যমেই কেবল দুনিয়ার সাফল্য ও আখিরাতের মুক্তি নিশ্চিত করা সম্ভব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত