Ajker Patrika

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ

আজকের পত্রিকা ডেস্ক­
২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ
পবিত্র কাবা। ফাইল ছবি

২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দশকে মুসলিম ও খ্রিষ্টান উভয় জনগোষ্ঠীর জনসংখ্যা বাড়বে। তবে খ্রিষ্টানদের তুলনায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হবে।

গতকাল মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনটিতে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ধর্মীয় জনগোষ্ঠীগুলোর সম্ভাব্য জনসংখ্যাগত পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। এ জন্য বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলকে গবেষণার আওতায় নেওয়া হয়েছে, যা বৈশ্বিক জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশের প্রতিনিধিত্ব করে। এতে মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠী ও ধর্মীয় পরিচয়হীন মানুষের ভৌগোলিক বিস্তার ও জনসংখ্যার পরিবর্তন বিবেচনা করা হয়েছে।

গবেষণাটি পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রজেক্টের অংশ। বিশ্বে ধর্মীয় পরিবর্তনের প্রবণতা এবং এর প্রভাব বিশ্লেষণ করাই এ প্রকল্পের উদ্দেশ্য। তবে পিউ রিসার্চ জানিয়েছে, এই পূর্বাভাস বিশ্বের ভবিষ্যৎ পরিবর্তনের সব দিক অনুমানের উদ্দেশ্যে তৈরি করা হয়নি। আর্থসামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধের মতো বিভিন্ন ঘটনা মানুষের ধর্মীয় পরিচয়ে পরিবর্তন আনতে পারে।

মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ জন্মহার

প্রতিবেদনে মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে মুসলিম নারীদের তুলনামূলক বেশি সন্তান জন্মদানের হারকে চিহ্নিত করা হয়েছে। গবেষণা অনুযায়ী, একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তান জন্ম দেন। অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ সন্তান জন্মদানের হার খ্রিষ্টান নারীদের। তাদের ক্ষেত্রে গড় সন্তান জন্মদানের হার ২ দশমিক ৫।

সাধারণত একটি প্রজন্মের জনসংখ্যা পরবর্তী প্রজন্মের মাধ্যমে প্রতিস্থাপিত হওয়ার জন্য একজন নারীর সন্তান জন্মদানের হার প্রায় ২ দশমিক ১ হওয়া প্রয়োজন।

পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, মুসলিম ও খ্রিষ্টান উভয় জনগোষ্ঠীর জনসংখ্যা বিশ্বের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়বে। তবে প্রাকৃতিক জনসংখ্যা পরিবর্তনের কারণে মুসলিম জনগোষ্ঠীতে অতিরিক্ত ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠীতে যুক্ত হতে পারে ৭৯ কোটি ২০ লাখ মানুষ।

ধর্মান্তরের কারণে মুসলিমদের তুলনায় বেশি কমবে খ্রিষ্টান জনসংখ্যা

ধর্ম পরিবর্তন ও ধর্ম ত্যাগের কারণে মুসলিম জনগোষ্ঠীর তুলনায় খ্রিষ্টান জনগোষ্ঠীর জনসংখ্যা বেশি কমতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পিউ রিসার্চের হিসাব অনুযায়ী, পূর্বাভাসের সময়কালে ইসলাম গ্রহণকারী ও ইসলাম ত্যাগকারীদের সংখ্যার পার্থক্যের কারণে মুসলিম জনগোষ্ঠীর নিট জনসংখ্যা ৮০ লাখ কমতে পারে। অন্যদিকে, খ্রিষ্টধর্ম গ্রহণকারী ও ধর্মত্যাগীদের সংখ্যার পার্থক্যের কারণে খ্রিষ্টান জনগোষ্ঠীর নিট জনসংখ্যা ১০ কোটি ৫০ লাখ কমার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, খ্রিষ্টধর্ম ত্যাগকারীদের অনেকে পরবর্তী সময়ে কোনো ধর্মের সঙ্গে নিজেদের যুক্ত নাও করতে পারেন। তাদের মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও থাকবেন।

তবে ইসলাম থেকে খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত হওয়ার সম্ভাব্য মানুষের সংখ্যা খ্রিষ্টধর্ম থেকে ইসলাম গ্রহণকারীদের তুলনায় সামান্য বেশি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ খ্রিষ্টানদের ইসলাম গ্রহণ নয়; বরং জন্মহার ও প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি।

২০৭০ সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ৯৫ শতাংশ মুসলিম হতে পারে

গবেষণায় বলা হয়েছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যার অধিকাংশ প্রবৃদ্ধি ঘটবে এমন দেশগুলোতে, যেখানে বর্তমানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। একই সময়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিম জনসংখ্যা ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যাকে ছাড়িয়ে যেতে পারে।

২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠী ছিল। ২০৭০ সালের মধ্যে এসব দেশে অতিরিক্ত ১২০ কোটি মুসলিম বসবাস করতে পারেন। বিশ্বে ওই সময় পর্যন্ত মুসলিম জনসংখ্যার সম্ভাব্য মোট প্রবৃদ্ধির ৭৪ শতাংশই হবে এসব দেশের।

পাকিস্তানের মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ। এর ফলে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে পাকিস্তান বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে।

১২০ দেশে কেন্দ্রীভূত থাকবে খ্রিষ্টান জনসংখ্যার প্রবৃদ্ধি

মুসলিমদের পাশাপাশি খ্রিষ্টান জনসংখ্যার প্রবৃদ্ধিও নির্দিষ্ট কিছু দেশে কেন্দ্রীভূত থাকবে বলে জানিয়েছে পিউ রিসার্চ। বিশ্বের ১২০টি দেশে খ্রিষ্টানরা বর্তমানে সংখ্যাগরিষ্ঠ। পূর্বাভাস অনুযায়ী, এসব দেশেই খ্রিষ্টান জনসংখ্যার অধিকাংশ বৃদ্ধি ঘটবে। সামগ্রিকভাবে, ২০৭০ সালের মধ্যে এসব দেশে খ্রিষ্টান জনসংখ্যা ৬৩ কোটি বাড়তে পারে। বিশ্বজুড়ে খ্রিষ্টান জনগোষ্ঠীর সম্ভাব্য মোট প্রবৃদ্ধির ৯২ শতাংশই আসবে এই ১২০টি দেশ থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত