
৮০ বছরের বেশি বয়স আবদুর রশিদের। বার্ধক্যজনিত কারণে শারীরিক নানা জটিলতায় দিন পার করছেন তিনি। অভাবের সংসারে চিকিৎসার খরচ কিছুটা হলেও মেটাতে পারতেন সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া বয়স্ক ভাতার টাকা দিয়ে। মোবাইল ব্যাংকিং সেবা নগদের নম্বরে তিন মাস পরপর এই টাকা আসে। প্রতিবারের মতো এবারও টাকা এলে স্থানীয় একটি এজেন্ট পয়েন্টে তা তুলতে গিয়ে জানতে পারেন অ্যাকাউন্টে টাকা নেই। অন্য কেউ তুলে নিয়েছে।
আবদুর রশিদের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের মোজাকান্দা এলাকায়। ক্ষুব্ধ আবদুর রশিদ এই প্রতিবেদককে বলেন, ‘মোবাইলে ট্যাহা আইছে হুইন্না দোহানে গেছি, পরে হুনি আমার ট্যাহা হ্যাকার লোকেরা তুইল্লা নিছেগা। ভাই, আমি চলুম কী দিয়া। ট্যাহা মোবাইলে আইলেও আমার কপালে জোটল না, যারা এই কাম করল, আল্লাহ তাগো বিচার করব।’
খোঁজ নিয়ে জানা গেছে, এই ভোগান্তি শুধু আবদুর রশিদের একার নয়। প্রতারক চক্রের ফাঁদে পড়ে এই উপজেলার অনেকেই এভাবে ভাতার টাকা খোয়াচ্ছেন। প্রতারক চক্র নানা কৌশলে তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এ নিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনেকে মৌখিক অভিযোগ করেছেন। তবে সমাজসেবা কার্যালয় থেকে বলা হচ্ছে, এ ব্যাপারে তাঁরা বিভিন্নভাবে ভাতাভোগীদের সচেতন করে যাচ্ছেন। আরও সচেতন থাকা জরুরি।
সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৬ হাজার ৬৯৩ জন বয়স্ক, ৬ হাজার ৫৮৯ জন বিধবা ও ৭ হাজার ৬৭১ জনের নামে প্রতিবন্ধী ভাতার কার্ড রয়েছে। কার্ডধারী প্রত্যেক বিধবার নামে বরাদ্দ প্রতি মাসে ৫৫০ টাকা, বয়স্কদের ৬০০ টাকা ও প্রতিবন্ধীদের ৮৫০ টাকা হিসাবে তিন মাস পরপর মোবাইল ব্যাংকিং (নগদ) অ্যাকাউন্ট নম্বরে দেওয়া হয়।
আমজাদ হোসেন নামের এক ভাতাভোগী বলেন, ‘আমার নম্বরে টাকা ঢুকলেই প্রতারক চক্র সরব হয়। তারা কল করে অফিসের পরিচয় দিয়ে বিভিন্ন সমস্যার কথা বলে পিন নম্বর নেওয়ার চেষ্টা করে। মোবাইল ব্যাংকিং বাদ দিয়া ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিলে এই ভোগান্তিতে পড়তে হবে না।’
শাকুয়াই ইউনিয়নের নরুল ইসলাম নামে এক তরুণ বলেন, ‘এই প্রতারক চক্রে স্থানীয় দোকানদাররা জড়িত আছে বলে মনে হয়। ভাতাভোগীরা অধিকাংশ মোবাইল ফোনের বিষয়ে তেমন কিছু জানে না। এই সুযোগ নিচ্ছে চক্রটি।’
বিলডোরা গ্রামের বয়স্ক ভাতাভোগী তাহির উদ্দিন বলেন, ‘আমার মুঠোফোনে এক ব্যক্তি সমাজসেবা অফিসের লোক বলে পরিচয় দিয়ে ছয় সংখ্যার একটি মেসেজ (খুদে বার্তা) দেন। সেই মেসেজের সংখ্যাটি আমাকে বলতে বলেন। সেই সংখ্যা বলার পর মুঠোফোন থেকে টাকা নাই হয়ে গেছে।’
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানিয়াত সন্ধানি বলেন, ‘শুধু হালুয়াঘাটে নয়, সারা দেশে একই অবস্থা হচ্ছে। ভাতার টাকা মোবাইলে আসতেই তারা (প্রতারক চক্র) সক্রিয় হয়ে ওঠে। আমরা তথ্যপ্রমাণের অভাবে প্রতারক চক্রকে চিহ্নিত করতে পারছি না। ফলে তাদের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না।’

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৪ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৪ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৪ ঘণ্টা আগে