Ajker Patrika

ভোলার চরফ্যাশন: অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ

  • উপজেলার মোট ৩৩টি ইটভাটার ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই
  • জনবসতি এলাকায় গড়ে তোলা এসব ভাটার বিষাক্ত ধোঁয়ায় গাছপালা ও কৃষিজমির ক্ষতি
  • অবৈধ ড্রাম চিমনি ব্যবহার, কয়লার পরিবর্তে পোড়ানো হয় কাঠ
আরিফ হোসেন, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশন: অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
আইন অমান্য করে ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হয়। সম্প্রতি ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নে। ছবি: আজকের পত্রিকা

ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে। আইন অমান্য করে কয়লার পরিবর্তে এসব ইটভাটায় দেদার পোড়ানো হচ্ছে কাঠ। এতে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্ট, কাশি ও চোখ জ্বালাপোড়ার মতো নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছে।

ভোলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলার চরফ্যাশন সদর, দুলারহাট, শশীভূষণ ও দক্ষিণ আইচা এলাকায় গড়ে ওঠা ৩৩টি ইটভাটার মধ্যে ১৬টির বৈধ কাগজপত্র রয়েছে। বাকি ১৭টি ইটভাটা অনুমোদন ছাড়াই চলছে। প্রশাসন প্রতিবছর অভিযান চালালেও কিছুদিন পরই প্রভাব খাটিয়ে ভাটাগুলো পুনরায় চালু করা হয়।

‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশদূষণ ও বন উজাড় রোধে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার বেআইনি।

সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৈধ ও অবৈধ মিলিয়ে ৩৩টি ইটভাটার সবগুলারই জনবসতি এলাকায় কার্যক্রম চলছে। এর মধ্যে রাত্রী, নাভা, আকন, সোনালী, তেঁতুলিয়া, আব্দুল্লাহ, মিজান ব্রিকসহ অবৈধ ১৭টি ব্রিকসে অবৈধ ড্রাম চিমনি ব্যবহার করছে। এ ছাড়া এসব ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ।

এদিকে আসলামপুর ইউনিয়নে মেঘনা নদীর তীরবর্তী আকর্ষণীয় ভ্রমণকেন্দ্র বেতুয়া প্রশান্ত পার্কের প্রবেশমুখেই গড়ে উঠেছে অন্তত ছয়টি ইটভাটা। নদী, সবুজ প্রাকৃতিক পরিবেশ ও শান্ত নিরিবিলি আবহের কারণে পার্কটি স্থানীয় ও দূরদূরান্তের পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে ইটভাটার ধোঁয়া, ধুলাবালু এবং ভারী যানবাহনের চলাচলে পর্যটন এলাকার স্বাভাবিক পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে একদিকে পর্যটন এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশদূষণও উদ্বেগজনক হারে বাড়ছে।

এ সময় হাসনাইন নামের একজন বলেন, ‘একটি পর্যটন এলাকার প্রবেশপথই হলো প্রথম পরিচয়। সেখানে যদি দূষণ ও বিশৃঙ্খলা থাকে, তাহলে পুরো এলাকার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। প্রবেশমুখে ইটভাটার কারণে মাটি আনা ও ইট বহনের ট্রাক চলাচলে প্রচুর ধুলাবালু উড়ে; যা পর্যটন এলাকার পরিবেশের জন্য বড় হুমকি।’

স্থানীয় কৃষকদের অভিযোগ, ইটভাটার ধোঁয়া ও ছাই বাতাসে ছড়িয়ে পড়ে কৃষিজমিতে জমে ফসলের ক্ষতি করছে। অনেক খেতের ধান, শাকসবজি ও ফলগাছ ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে না। এ ছাড়া ভাটায় জ্বালানি হিসেবে গাছ কাটার প্রবণতা থাকায় আশপাশের বনজ সম্পদও দ্রুত কমে যাচ্ছে।

দক্ষিণ আইচা এলাকার কৃষক বাবুল বলেন, ‘আমি প্রায় দেড় একর জমিতে রবিশস্য করেছি। পাশেই ইটভাটা থাকায় গাছ ঠিকমতো বাড়ে না। ফলে ফসলও ভালো হয় না। আমরা এসব ইটভাটা বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।’

দুলারহাট এলাকার বাসিন্দা হারুন বলেন, ‘আমার বাড়ির পাশে ঢাকা ব্রিকস নামে একটি ভাটা রয়েছে। এই ভাটায় কাঠ পোড়ানো হয়। এর ধোঁয়া ও ধুলাবালুর কারণে আমাদের পরিবারের শিশু ও বয়স্করা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। সামনে গরমের দিনে এই সমস্যা আরও বাড়বে।’

অবৈধ ইটভাটামালিকদের দাবি, তাঁরা ইতিমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন এবং শিগগির বৈধ ইটভাটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত হবে।

তেঁতুলিয়া ব্রিকসের মালিক মো. মোশারেফ বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আবেদন করেছি। এখনো অনুমোদন পাইনি।’ অনুমোদন ছাড়া কীভাবে ইটভাটা পরিচালনা করছেন, এমন প্রশ্নের জবাবে মোশারেফ বলেন, ‘প্রতিবছরই আমার ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।’

চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন বসাক বলেন, জনবসতি এলাকায় গড়ে ওঠা ইটভাটার কালো ধোঁয়া ও ধুলাবালুর কারণে শিশু ও বয়স্করা বেশি শ্বাসকষ্ট ও কাশিতে আক্রান্ত হচ্ছে। এতে তারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।

বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া বলেন, অবৈধ ইটভাটাগুলো বন্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন বলেন, অবৈধ ইটভাটার মালিকদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি করা হচ্ছে। যেসব ভাটা পরিবেশ আইন লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নদীর পাড়ে পড়ে ছিল অজ্ঞাতনামা যুবকের গলাকাটা ও মাথাবিহীন লাশ

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

ভৈরবে ১ কোটি ৮৫ হাজার টাকাসহ আটক দুই স্বর্ণকার, ২১ ঘণ্টা পর মুক্ত

চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত