Ajker Patrika

ধোবাউড়ায় আইজিপি পরিচয়ে সরকারি কর্মকর্তাকে হুমকি, যুবকের এক মাসের কারাদণ্ড

ধোবাউড়া ও হালুয়াঘাট প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৮: ০০
ধোবাউড়ায় আইজিপি পরিচয়ে সরকারি কর্মকর্তাকে হুমকি, যুবকের এক মাসের কারাদণ্ড
জহিরুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ধোবাউড়ায় এক সরকারি কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পরিচয় দিয়ে ফোনে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে জহিরুল ইসলাম (৩২) নামের এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি অভিযুক্ত জহিরুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জহিরুল ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের পূর্ববহুলী গ্রামের ওলি মাহমুদের ছেলে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, জহিরুল ইসলাম নিজেকে পুলিশের শীর্ষ কর্মকর্তা (আইজিপি) দাবি করে ধোবাউড়া উপজেলার এক সরকারি কর্মকর্তাকে ফোনে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে প্রশাসন প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান ও পরিচয় শনাক্ত করে। পরে ধোবাউড়া থানা পুলিশের সহায়তায় তাঁকে আটক করা হয়।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, নিজের অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন জানান, ‘আমার এক সহকর্মীকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পরিচয়ে ফোন দিয়ে অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দেন জহিরুল। পরবর্তীতে ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় দুটি পৃথক আইনে তাঁকে ১ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত জহিরুল দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। এর আগেও ধোবাউড়ার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেনকে ভুয়া পরিচয়ে হুমকি দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করার মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। কিছুদিন আগেই একটি মামলায় জেল খেটে জামিনে বের হন বলেও জানিয়েছে সূত্রগুলো। নিজ পরিবার ও প্রতিবেশীদের ওপরও একাধিকবার হামলা চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত