
ভূমিহীনদের জন্য খাসজমি বন্দোবস্তে অবহেলা ও অসদাচরণের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হককে এক বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিতের শাস্তি দিয়েছে সরকার। ইউএনওর দায়িত্ব পালনের পাশাপাশি ওই সময় তিনি সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্বে ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৫ শাখা ২৩ জুলাই শহিদুল হককে শাস্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
সেখানে বলা হয়েছে, কলাপাড়া উপজেলার ভূমিহীনদের জন্য ২ শতাংশ করে খাসজমি বন্দোবস্তের লক্ষ্যে ১৯৫টি কবুলিয়তের প্রস্তাব সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠান। এরপর নিজের কার্যালয় থেকে তা জেলা প্রশাসকের অনুমোদনের জন্য পাঠান। পরে জেলা প্রশাসক ১৯৫টি বন্দোবস্ত কবুলিয়তের প্রস্তাব অনুমোদন করেন।
পরবর্তী সময় এসব কবুলিয়ত নিবন্ধনের জন্য উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. হুমায়ুন কবিরকে প্রয়োজনীয় ক্ষমতা দিয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পাঠানো হয়। অভিযোগ অনুযায়ী, ওই সার্ভেয়ার ক্ষমতার অপব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে অনুমোদিত ২ শতাংশের পরিবর্তে ০.০৩, ০.১০, ১.০০, ১.৫০, ২.০০ ও ৩.০০ একর উল্লেখ করে জেলা প্রশাসকের অনুমোদন ছাড়াই ৪২টি ভুয়া বন্দোবস্ত কবুলিয়ত তৈরি করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শহিদুল হক যথাযথ পরীক্ষা-নিরীক্ষা না করে ওই ৪২টি ভুয়া কবুলিয়তে স্বাক্ষর করেন। এর ফলে মোট ৭১ দশমিক ৬৩ একর খাসজমি অব্যবস্থাপনার মাধ্যমে সরকারের ক্ষতি হয়। এই কাজ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী’ অসদাচরণ’ হিসেবে গণ্য হওয়ায় ২০২৫ সালে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
অভিযোগের জবাবে শহিদুল হক লিখিত বক্তব্য দাখিল করে ব্যক্তিগত শুনানির আবেদন করেন। ২০২৫ সালের ৫ নভেম্বর তার শুনানি হয়। শুনানিতে দেওয়া বক্তব্য সন্তোষজনক না হওয়ায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, অনুমোদিত সীমার বাইরে অস্বাভাবিক সংখ্যক কবুলিয়ত, জমির পরিমাণে অসামঞ্জস্য এবং নথিপত্রে দৃশ্যমান কাটাছেঁড়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় যাচাই না করেই স্বাক্ষর দেওয়া প্রশাসনিক দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ বহন করে। ফলে শহিদুল হকের বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে জানিয়ে প্রতিবেদন দেন তিনি।
তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার পর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার বিধান অনুযায়ী এক বছর শহিদুল হকের বেতন বৃদ্ধি স্থগিতের লঘুদণ্ড দেওয়া হয়েছে।

মেজর জেনারেল মো. আলীমুল আমীনকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
৯ ঘণ্টা আগে
দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশের পদমর্যাদা কর্মকর্তারা রয়েছেন। আজ সোমবার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক
৯ ঘণ্টা আগে
চাকরির মেয়াদ শেষে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফকে চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত করে এক বছরের চুক্তিতে সেতু বিভাগের সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে মালিকপক্ষ। তারা এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে দাবি জানিয়েছে। প্রস্তাব আমলে নিয়ে বিআরটিএ বাসভাড়া সমন্বয়ের উদ্যোগও নিয়েছে।
১১ ঘণ্টা আগে