
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স তিনটি শর্তে পুনর্বহাল করেছে সরকার। হাসপাতাল কর্তৃপক্ষের করা আপিল ও এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে শর্তসাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালকের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত শর্তগুলো কঠোরভাবে প্রতিপালন সাপেক্ষে হাসপাতালটি পুনরায় পরিচালনার অনুমতি দেওয়া হলো।
চিঠিতে বলা হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের করা আপিল ও এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর আপিলটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। তদন্ত কমিটির সর্বসম্মত মতামতের ভিত্তিতে হাসপাতালটির কার্যক্রম বাতিলের আদেশ প্রত্যাহার করে নির্ধারিত শর্তসাপেক্ষে পুনরায় পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
পুনর্বহালের ক্ষেত্রে সরকার তিনটি শর্ত আরোপ করেছে। প্রথমত, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর সব বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। দ্বিতীয়ত, লাইসেন্সে উল্লেখিত ত্রুটি ও ঘাটতিগুলো দ্রুত নিরসন করে প্রয়োজনীয় জনবল নিয়োগসহ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে। তৃতীয়ত, এসব শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সরকার যেকোনো সময় হাসপাতালটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি হাসপাতালটিতে চিকিৎসা ব্যবস্থাপনা ও রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
তদন্তে হাসপাতালের ব্যবস্থাপনায় একাধিক ত্রুটি, সংক্রমণ নিয়ন্ত্রণে ঘাটতি, পরিবেশগত সমস্যা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের অবহেলার চিত্র উঠে আসে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়। তবে তাদের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়। একই সঙ্গে আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল করার সুযোগ রয়েছে বলেও জানানো হয়েছিল।
উল্লেখ্য, আদ্-দ্বীন হাসপাতাল অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান আদ্-দ্বীন ফাউন্ডেশনের মালিকানাধীন। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেখ মহিউদ্দিন। তিনি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের বড় ছেলে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবে না। কিন্তু তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’
৯ মিনিট আগে
উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ডে গত বুধবার রাতে নেত্রকোনা থেকে গরু ক্রয়ের কথা বলে খায়রুল নামের এক ব্যক্তি জুয়েলকে ডেকে নেয়। পরে সন্ত্রাসী টাইগার মোমেনের ছোট ভাই মো. সুমনের নেতৃত্বে খায়রুলসহ অজ্ঞাত ৫-৬ জনের একটি দল গাড়িতে নিয়ে যায়। একটি খামারে নিয়ে আটকে সারা রাত নির্যাতন করা হয় তাঁকে।
১১ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ দুই কিশোরী। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধারে কাজ করছে।
১৯ মিনিট আগে
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহনশ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
৩৪ মিনিট আগে