
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নজরুল ইসলাম (৪৭) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বরত চিকিৎসককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন রোগীর স্বজনেরা। এ সময় ধস্তাধস্তিতে চিকিৎসকের শার্টের বোতাম ছিঁড়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হাসপাতালের কয়েকজন কর্মচারীও স্বজনদের উত্তেজনার মুখে পড়েন।
গতকাল শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রোগীর মৃত্যুর পর ক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ইমতিয়াজ মাহামুদ পাঠানকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা রুবেল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান হাসপাতালে এসে চিকিৎসক ও রোগীর স্বজনদের সঙ্গে আলোচনা করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
রোগীর স্বজনদের অভিযোগ, গতকাল রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে নজরুল ইসলামকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে তাঁকে অক্সিজেন দেওয়া হয়। কিছুক্ষণ পরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা চিকিৎসককে নিচতলা থেকে তিনতলার ওয়ার্ডে ডেকে আনেন।
স্বজনদের দাবি, চিকিৎসক একটি ইনজেকশন প্রয়োগ করার কয়েক মিনিটের মধ্যেই রোগী খিঁচুনি দিয়ে মারা যান। এ বিষয়ে জানতে চাইলে চিকিৎসক তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ করেন তাঁরা। এ সময় মোবাইলে ভিডিও ধারণকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
রোগীর স্বজনেরা অভিযোগ করেন, চিকিৎসকের ভুল চিকিৎসার কারণেই নজরুল ইসলামের মৃত্যু হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।
মৃত নজরুল ইসলাম ত্রিশাল উপজেলার পাঁচপাড়া (ফায়ার সার্ভিস-সংলগ্ন) এলাকার বাসিন্দা।
অভিযোগ অস্বীকার করে দায়িত্বরত চিকিৎসক ইমতিয়াজ মাহামুদ পাঠান বলেন, ‘আমার পক্ষ থেকে চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসাই দেওয়া হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম জিয়াউল বারী জানান, রাত ১০টার পর রোগীকে হাসপাতালে আনা হয়। শ্বাসকষ্ট থাকায় তাঁকে অক্সিজেন দেওয়া হয় এবং পরে ভর্তি নেওয়া হয়। চিকিৎসার অংশ হিসেবে ওমিপ্রাজল ইনজেকশন দেওয়া হয়েছিল। এর কিছুক্ষণ পর রোগীর মৃত্যু হয়। চিকিৎসকের কোনো গাফিলতি ছিল না বলেও দাবি করেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বজনদের সঙ্গে কথা বলে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। স্বজনেরা আপাতত কোনো আইনি পদক্ষেপ নেবেন না বলে জানিয়েছেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে হামে আক্রান্ত হয়ে সাজিদ আল নাহিয়ান নামের সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চৌদ্দগ্রাম, ফেনী ও ঢাকার সাতটি হাসপাতালে চিকিৎসা নিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ১৬ বছর পর জন্ম নেওয়া একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার।
২০ মিনিট আগে
নীলফামারীর জলঢাকায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
২৯ মিনিট আগে
হাওরের ঢেউয়ের চেয়েও তীব্র প্রেমের টান। সেই টানে কিশোরগঞ্জের হাওরপল্লিতে হাজির হয়েছেন এক চীনা তরুণ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় ও মন দেওয়া-নেওয়া এবং সবশেষ ভালোবাসার মানুষকে পেতে বাংলাদেশে ছুটে এসেছেন তিনি।
৩২ মিনিট আগে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সরকারের প্রতি জনগণের আস্থা কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লার মেঘনায় আয়োজিত পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৩৬ মিনিট আগে