Ajker Patrika

আত্মীয়ের রান্নাঘরের মাটির ১০ ফুট নিচে বৃদ্ধের মরদেহ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আত্মীয়ের রান্নাঘরের মাটির ১০ ফুট নিচে বৃদ্ধের মরদেহ
আওলাদ হোসেন (৬০)। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের প্রায় ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি তাঁর বাড়ির পাশের আত্মীয়ের রান্নাঘরের মাটির প্রায় ১০ ফুট গভীরে পুঁতে রাখা ছিল।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামের খায়ের ব্যাপারী রান্নাঘরের মাটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আওলাদ হোসেন চাইনপাড়া গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে।

আওলাদ হোসেনের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মে থেকে নিখোঁজ ছিলেন আওলাদ হোসেন। পরে ২৩ মে তাঁর ভাই আব্দুল আউয়াল শেখ সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন। নিখোঁজের পর দীর্ঘদিন পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে যায়। তবে কোথাও কোনো সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে পুলিশ আওলাদ হোসেনের ভায়রা খায়ের ব্যাপারীর বাড়ির রান্নাঘরের মাটির প্রায় ১০ ফুট নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত জীবনে আওলাদ হোসেন দুটি বিয়ে করেছিলেন। এ ছাড়া পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন চাইনপাড়া গ্রামের কায়কোবাদ ব্যাপারীর ছেলে মানিক ব্যাপারী (৪০), ইদ্রিস আলীর ছেলে বিন আমিন (৩৬), মমিন আলীর ছেলে রিপন (৩০) এবং রংপুর জেলার রাজেন্দ্রপুর গ্রামের মৃত গাফফার মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৮)।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকাপয়সা, স্বর্ণালংকার ও সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত