উপজেলা নির্বাচন অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে রাজু ফকির (৩৮) নামের এক যুবককে রক্তাক্ত ও পা ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ রোববার এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন রাজুর মা রিনা বেগম। পুলিশ বলছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিনা বেগম জানান, গতকাল শনিবার রাতে রাজু ফকির সোনারং চৌরাস্তায় হোসেনের অটো গ্যারেজে তাঁর মিশুক গাড়ি মেরামতের জন্য রেখে টঙ্গিবাড়ী বাজারে যান।
রিনা বেগমের ভাষ্য, রাত সাড়ে ১২টার দিকে তিনি জানতে পারেন, উপজেলা পরিষদের ভেতরে নির্বাচন অফিসের সামনে পুকুরপাড়ে তাঁর ছেলেকে মারধর করে ফেলে রাখা হয়েছে। অজ্ঞাতনামা সন্ত্রাসীরা রাজুকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথা, কপাল, ঠোঁট, ডান পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে এবং তাঁর বাঁ পা ভেঙে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
স্থানীয় রহিম মল্লিকের ছেলে ইনু মল্লিক রাজুকে গোঙরাতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরে তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।
হামলার কারণ এখনো জানা যায়নি বলে জানান রিনা বেগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হবে।
টঙ্গিবাড়ী থানার ওসি মো. শামীম আহম্মেদ বলেন, এ ঘটনায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









